রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভাঙার অভিযোগে ডিএম এবং সিপিকে দিল্লিতে ডেপুটেশনে পাঠাল নবান্ন

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফরে প্রোটোকল ভঙের অভিযোগে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকে নবান্ন থেকে ‘রিলিজ’ অর্ডার দেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, রবিবার ছুটির দিনেই তাঁদের হাতে রিলিজ অর্ডার তুলে দেওয়া হয়েছে। এর ফলে দু’জনকেই বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ডেপুটেশনে যোগ দিতে হবে।

গত মার্চ মাসের গোড়ায়, বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফরকে ঘিরেই প্রোটোকল ভঙ্গের অভিযোগ ওঠে। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে রাজ্য সরকারের কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না। পাশাপাশি তাঁর মতো এক ভিভিআইপির নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার সি সুধাকর এবং মণীশ মিশ্রকে কেন্দ্রীয় ডেপুটেশনে দিল্লিতে যাওয়ার নির্দেশ দেয়। তবে সে সময় রাজ্য সরকার তাঁদের রিলিজ না করায় কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়া আটকে যায়।


রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক আইপিএস আধিকারিককে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হতে পারে বলে জল্পনা চলছিল। রবিবার এই রিলিজ অর্ডার সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, আসাম, বিহার এবং ওড়িশা থেকে তিন জন আইপিএস আধিকারিক পশ্চিমবঙ্গে ডেপুটেশনে আসছেন। তাঁরা হলেন হিমাংশু লাল,চরণ সিং মিনা এবং অনুপ গর্গ।