নীল-সাদায় লেখা ‘নবান্ন’ নামফলক আগেই সরিয়ে ফেলা হয়েছিল। গেরুয়া রংয়ে লেখা হয়েছে নাম। মে মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর সেটা দেখা গিয়েছিল। এবার গোটা নবান্ন বিল্ডিংয়ের রং বদল হতে চলেছে বলে সূত্রের খবর। তবে তা গেরুয়া হচ্ছে না। কিন্তু অতীত হচ্ছে নীল-সাদা রং। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ১৫ বছরের শাসনকালে নবান্নের চূড়ায় লেখা নীল রঙের নামফলকটি বদলেছে। নীলের পরিবর্তে সেখানে গেরুয়া রঙের নতুন ফলক হয়েছে। নবান্নের নামফলকের রং বদল হওয়ার পর গোটা বিল্ডিংয়ের রং বদল এখন রাজ্য-রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে।
এবার নবান্নের গায়ে পড়তে চলেছে নতুন রঙের প্রলেপ। নীল-সাদা রং অতীত হয়ে যাবে। আর গেরুয়া রংও হবে না। নবান্ন এবার সাজবে হলুদ-সাদা রংয়ের মিশ্রণে। যদিও নতুন রঙের এই শেড অনেকটাই গেরুয়ার কাছাকাছি বলে অনেকে মনে করছেন। প্রশাসনিক সূত্রে খবর, একাধিক স্তরে আলোচনা করার পর নবান্নের রং বদলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দ্রুতই শুরু হতে পারে সেই কাজ। উৎসবের মরশুম মিটলেই তা করা হবে। রাজ্যে সরকার বদলের পর থেকেই নানা স্তরে নীল-সাদা রংয়ের অস্তিত্ব মুছে ফেলা হচ্ছিল। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর নবান্নকে রাতে গেরুয়া আলোয় মুড়ে ফেলতে দেখা গিয়েছিল। নবান্নের শীর্ষে থাকা নীল ফলকটি সরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে নতুন গেরুয়া রংয়ের নামফলক।
তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্যজুড়ে নীল-সাদা রংয়ের প্রাধান্য দেখা গিয়েছিল। সরকারি দপ্তর, উড়ালপুল, থানা থেকে রাস্তার রেলিং এবং আলোর খুঁটি পর্যন্ত সাজানো হয়েছিল নীল-সাদা রংয়ে। এবার রাজ্যে পালাবদলের পর থেকেই ‘রং বদলের’ ছবি দেখা যাচ্ছে। নানা সরকারি ভবন, রাস্তার ধার থেকে উড়ালপুল, নীল-সাদার বদলে এখন হলুদ-সাদা রং লাগানো হচ্ছে। কোথাও আবার হচ্ছে গেরুয়া রংও। নবান্নের লাগোয়া সভাঘরেও ধীরে ধীরে এই রঙের বদল হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন। সূত্রের খবর, শুধু হলুদ নয়, সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা এবং গাঢ় হলুদের মিশ্রণ থাকবে। এই রংয়ের শেড অনেকটাই গেরুয়ার কাছাকাছি। আগেই নবান্নের ফলকে গেরুয়া রংয়ের ছোঁয়া দেখা গিয়েছিল। এবার গোটা ভবনের রূপ বদলের পরিকল্পনা করা হয়েছে।
তাছাড়া ইতিমধ্যেই নবান্নের সংস্কারের জন্য দরপত্র ডাকা হয়েছে। ওই প্রক্রিয়াও চূড়ান্ত হয়েছে। নবান্নের পাশাপাশি উপান্ন ভবনের সংস্কার এবং দুই ভবনের ভিতরে-বাইরে মেরামতির কাজও হবে। এই প্রকল্পে কয়েক কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। সরকারের প্রশাসনিক দপ্তরগুলি সরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল মহাকরণে। কিন্তু সেটা এখনও বাস্তবায়িত হয়নি। তাই নবান্ন থেকেই চালাতে হচ্ছে সরকার। সেক্ষেত্রে এই রং বদল করা হচ্ছে বলে সূত্রের খবর।