পুজোর আর হাতে মাত্র কয়েকদিন। তার মধ্যেই কলকাতার বেহাল রাস্তার (Road Repair) চেহারা বদলাতে রাতদিন এক করে মেরামতির কাজে নেমেছে কলকাতা পুরসভা। ১০ অক্টোবর মহালয়া। তার আগেই শহরের ছোট-বড় প্রায় দেড়শো রাস্তা সারানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার ও কর্মীদের কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পালাবদলের পর এবারই রাজ্যে প্রথম দুর্গাপুজো। তার আগে ইডেনে শারদোৎসবের মেগা শোয়ের উদ্বোধনে কলকাতায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই আবহে শহরের রাস্তার পরিস্থিতি নিয়ে বাড়তি নজর রয়েছে প্রশাসনের। সূত্রের খবর, মহালয়ার আগে রাস্তার পরিস্থিতি (Road Repair) সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীও পরিদর্শনে নামতে পারেন।
আরও পড়ুন: মহারাষ্ট্রের রায়গড়ের সৈকতে ছুটি কাটাতে গিয়ে পুনের ৮ ছাত্রের ডুবে মৃত্যু
পুজোর আগে যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি মেরামতের তালিকায় রয়েছে, তার মধ্যে ধর্মতলা, বিবাদী বাগের অফিসপাড়ার একাধিক রাস্তা, আশুতোষ মুখার্জি রোড, ইএম বাইপাস, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এনএসসি বোস রোড এবং রাজা এসসি মল্লিক রোড রয়েছে। চিংড়িঘাটা ও ইএম বাইপাস ক্রসিং এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বিভিন্ন অংশে ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। কম ক্ষতিগ্রস্ত রাস্তার কোথাও (Road Repair) কোথাও চলছে প্যাচওয়ার্কও।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ব্যস্ত রাস্তাগুলিতে যান চলাচলে সমস্যা এড়াতে মূলত রাতে মেরামতির (Road Repair) কাজ করা হচ্ছে। তুলনামূলক কম ব্যস্ত রাস্তা এবং ছোট গলিতে দিনে চলছে কাজ। কলকাতায় বেহাল রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। বর্ষায় টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পুরসভার দাবি, এ বছর লাগাতার বৃষ্টির কারণে রাস্তা মেরামতির (Road Repair) কাজ বার বার ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশও খারাপ রাস্তার তালিকা পুরসভার কাছে পাঠিয়েছে।
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/wwn5fHBsjBw?si=znOPEpap_6_eaOnt” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>