নদিয়ার তেহট্ট থানার নাটনা এলাকায় দলীয় রাজনৈতিক বৈঠকে যোগ দিয়ে আবার একবার বিজেপি কর্মীদের বিক্ষোভ এবং বাধার মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে ঘিরে শুরু হয় গো-ব্যাক স্লোগান এবং দেখানো হয় কালো পতাকা। পরিস্থিতি দ্রুত তপ্ত হয়ে উঠলে তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একই সঙ্গে সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ডিম। তা নিয়েও শোরগোল পড়ে যায়। এই ঘটনার পর কৃষ্ণনগরের সাংসদের দাবি, জনরোষ নয়, বিজেপির লোকজনই হামলা চালিয়েছে। আর উপস্থিত পুলিশকর্মীরা হামলাকারীদের না সামলে তাঁকেই জোর করে গাড়িতে তুলে দিয়েছে। আর এই ঘটনাটি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের দৃষ্টি আকর্ষণ করলেন মহুয়া মৈত্র।
এদিকে এই অনভিপ্রেত ঘটনার পরেই সমাজমাধ্যমে বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করে সুপ্রিম কোর্টের বিচারপতিকে খোঁচা দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। ভিডিও বার্তায় মহুয়া বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী, চারজন পুলিশকর্মী আমার সঙ্গে ছিলেন। হামলার সময় আরও পুলিশ গিয়ে আমাকেই জোর করে গাড়িতে তুলে দিলেন। এটাই পশ্চিমবঙ্গে চলছে! আদালত বলছে এমনটা হওয়া উচিত নয়। হ্যালো, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত। দেখুন, আপনার কথা অনুযায়ী আমি স্বাধীনতা সংগ্রামীদের গুলি খাওয়ার মতো ডিম-বর্ষণের মুখে দাঁড়িয়েছি। ধন্যবাদ আপনাকে।’
Big shout out to Hon’ble Justice Dipankar Datta ! MiLord – I came to my constituency for a mtng informing @WBPolice & BJP workers with their help pelted eggs on me. True to your advice I faced them as a freedom fighter faced bullets. pic.twitter.com/CxO3ApzjPL
— Mahua Moitra (@MahuaMoitra) September 16, 2026
অন্যদিকে এই কথা বলার পিছনে কারণও আছে। আগে যখন এমন বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র তখন মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। তখন বিচারপতির মন্তব্য ছিল, ‘স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন, আর আপনি এই মামলা নিয়ে কোর্টে আসছেন?’ তার প্রেক্ষিতেই এবারের হামলা নিয়ে মহুয়ার সমাজমাধ্যমে খোঁচা, ‘বিচারপতি দীপঙ্কর দত্তকে অনেক শুভেচ্ছা! আমি পুলিশকে জানিয়েই নিজের নির্বাচনী এলাকার একটি বৈঠকে গিয়েছিলাম। আর বিজেপি কর্মীরা সেখানে পুলিশের সাহায্য নিয়েই আমার দিকে ডিম ছুঁড়ল। তবে আপনার দেওয়া উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে একজন স্বাধীনতা সংগ্রামী যেভাবে বুলেটের সামনাসামনি হয়েছিলেন, আমিও ঠিক সেভাবেই এই ডিমের মুখোমুখি হয়েছি।’
তাছাড়া আরও একটি ভিডিও পোস্ট করেন সমাজমাধ্যমে। হামলাকারীদের দেখিয়ে মহুয়া মৈত্র বুধবার অভিযোগ করেন, ‘পুলিশের সামনেই আমার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। বিচারপতি দীপঙ্কর দত্ত, মাই লর্ড, আমি স্বাধীন ভারতের একজন সাংসদ এবং একজন স্বাধীনতা সংগ্রামীও! আমি যখন বেরিয়ে আসছিলাম, তখন বিজেপির পদাধিকারীরা আমার সভা ঘিরে ধরে এবং ডিম ছুঁড়ে মারে। আমাদের সাংবিধানিক সুরক্ষার জন্য আপনাকে ধন্যবাদ, মাই লর্ড।’