তোলাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে আরও তিনটি নতুন মামলা দায়ের করল পুলিশ। হুমকি দেখিয়ে টাকা আদায়, জোর করে টাকা নেওয়া এবং তোলাবাজির মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নতুন মামলাগুলি দায়ের হয়েছে হরিদেবপুর থানায়।
পুলিশ সূত্রের খবর, সুদীপ পোল্লে গ্রেপ্তার হওয়ার পর থেকেই একের পর এক লিখিত অভিযোগ জমা পড়তে শুরু করে। সেই অভিযোগের ভিত্তিতেই নতুন করে তিনটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য খতিয়ে দেখে তদন্তও শুরু করেছে পুলিশ।
গত ২৩ মে প্রথমবার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে। তাঁর বিরুদ্ধে প্রথমে ঠাকুরপুকুর থানায় দু’টি অভিযোগ দায়ের হয়েছিল। দীর্ঘদিন ধরে বেহালার রাজনীতিতে পরিচিত মুখ সুদীপ।
প্রায় দেড় দশকের বেশি সময় ধরে তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। এই ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। কারণ, কলকাতায় এই প্রথম কোনও তৃণমূল কাউন্সিলরকে তোলাবাজির মামলায় গ্রেপ্তার হতে দেখা গেল।
অন্যদিকে, একই সময়ে ১২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মালবিকা বৈদ্যের ঘনিষ্ঠ যুব নেতা তপন বিশ্বাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই সমস্ত অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।