পশ্চিমবঙ্গের হলদিয়ায় জনসভা থেকে পরিবর্তনের ডাক দিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন নির্বাচনে সামনে রেখে তিনি রাজ্যের মানুষের উদ্দেশে ছয়টি ‘গ্যারান্টি’ ঘোষণা করেন এবং বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান।
মোদির বক্তব্যে মূল জোর ছিল আইন-শৃঙ্খলা, দুর্নীতি দমন এবং প্রশাসনিক স্বচ্ছতার উপর। তিনি বলেন, রাজ্যে বর্তমানে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তা দূর হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষের প্রতি প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
নারী সুরক্ষা এবং দুর্নীতির প্রসঙ্গেও কড়া অবস্থান নেন প্রধানমন্ত্রী। তাঁর আশ্বাস, মহিলাদের উপর অত্যাচার ও ধর্ষণের সমস্ত অভিযোগ নতুন করে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত যেকোনও ব্যক্তি—মন্ত্রী বা নেতা—আইনের হাত থেকে রেহাই পাবে না এবং দোষীদের জেলে পাঠানো হবে।
অনুপ্রবেশ ইস্যুতেও স্পষ্ট বার্তা দেন মোদি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী শরণার্থীদের সুরক্ষা দেওয়া হবে, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করা হবে।
এছাড়া সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় ঘোষণা করেন তিনি। বিজেপি সরকার গঠিত হলে দ্রুত সপ্তম পে কমিশন চালু করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে, এই ছয় দফা প্রতিশ্রুতির মাধ্যমে রাজ্যের প্রশাসনিক সংস্কার, নিরাপত্তা এবং কর্মসংস্থানের প্রশ্নে জোরালো বার্তা দিলেন মোদী।