হলদিয়ার জনসভা থেকে বাংলায় পরিবর্তনের বার্তা দিয়ে ছয় দফা ‘গ্যারান্টি’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কী কী বদল আসবে, তা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। তবে এই ঘোষণার মধ্যে ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প, যা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
বঙ্গ বিজেপি দীর্ঘদিন ধরেই তৃণমূলের জনমুখী প্রকল্পগুলির পাল্টা হিসেবে নতুন প্রতিশ্রুতি তুলে ধরার চেষ্টা করছে। সেই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী একাধিকবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর আশ্বাস দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের আর্থিক সহায়তায় মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষিত ছয় গ্যারান্টির তালিকায় এই প্রকল্পের কোনও উল্লেখ না থাকায় দলীয় অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।
মোদির ঘোষিত ছয়টি প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—রাজ্যে ভয়ের পরিবেশ দূর করে নিরাপদ পরিস্থিতি গড়ে তোলা, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি ও নারী নির্যাতনের সমস্ত অভিযোগ পুনরায় খতিয়ে দেখা এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে তিনি বলেন, কোনও নেতাকেই রেয়াত করা হবে না।
অনুপ্রবেশ ইস্যুতেও কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে থাকতে দেওয়া হবে না। পাশাপাশি সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন চালুর আশ্বাসও দেন তিনি।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর ঘোষণায় প্রশাসনিক সংস্কার ও আইন-শৃঙ্খলার উপর জোর থাকলেও, স্থানীয় নেতাদের প্রতিশ্রুতির সঙ্গে তার ফারাক স্পষ্ট হওয়ায় রাজনৈতিক বিতর্ক আরও জোরদার হয়েছে।