ফের মুর্শিদাবাদের বড়ঞার বিধায়কের জামিনের আবেদন খারিজ করে দিল ইডির বিশেষ আদালত। আগামী ১৮ তারিখ পর্যন্ত জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আজ বৃহস্পতিবার বিধায়কের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে জমা পড়া টাকা কার কাছে গিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি বিধায়কের ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থেকেও কোন বড় মাথার কাছে টাকা পৌঁছেছে, তা তদন্ত করে দেখছে ইডি।
প্রায় দুই বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। দীর্ঘদিন জলবন্দি থাকার পর চলতি বছরের শুরুতে তিনি জামিনে মুক্ত হন। গত আগস্ট মাসে ফের বিধায়কের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টানা জিজ্ঞাসাবাদের পর ফের গ্রেপ্তার হন তিনি। কয়েকদিন আগে জামিনের জন্য ইডির বিশেষ আদালতে আবেদন জানান জীবনকৃষ্ণ। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিধায়কের জামিনের তীব্র বিরোধিতা করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইজীবীর দাবি, কোথা থেকে বিধায়ক সহ তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তা কার্যত স্পষ্ট। এবার দেখা হচ্ছে সেই টাকা কোন বড় মাথার অ্যাকাউন্টে ঢুকেছিল।
জীবনকৃষ্ণ সাহার আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন, আপনার মক্কেল যে অপরাধ করেছেন তা পরিষ্কার। ২৫ হাজার মানুষের জীবন নষ্ট হয়েছে। অন্যদিকে, বিধায়কের আইনজীবী জানান, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন জীবনকৃষ্ণ। কিন্তু চার্জশিট হয়ে যাওয়ার পরেও তাঁকে আটকে রাখা হয়েছে। তাই যে কোনও শর্তে জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করা হোক। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।