পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, ‘আজ বাংলা মুক্ত’। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পতন এবং বিজেপির ক্ষমতায় আসার পর নতুন এক যুগের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন ছবি ‘আখরি সওয়াল’-এর একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিঠুন। সেখানেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এখন বাংলায় স্বাধীন পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষ যে কোনও প্রশ্ন করতে পারছেন।
মিঠুন বলেন, ‘সবাই দেখতে পাচ্ছেন, সবাই প্রশ্ন করতে পারছেন। কেউ বিশ্বাস করবেন কি করবেন না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। এটাই স্বাধীনতা। আজ বাংলা মুক্ত। তাই এখন আপনি পৃথিবীর যে কোনও প্রশ্ন করতে পারেন।’
শুধু রাজনৈতিক পরিস্থিতি নয়, ‘আখরি সওয়াল’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবি নিয়ে সমালোচনাকারীদের বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর অভিযোগ, কিছু মানুষ সব বিষয়কে শুধুমাত্র হিন্দু-মুসলিম দৃষ্টিভঙ্গিতে দেখতে চান, কিন্তু ইতিহাসের সত্য তুলে ধরার বিষয়টি এড়িয়ে যান।
মিঠুন বলেন, ‘আমাদের ছবি আগে পশ্চিমবঙ্গে দেখানো বন্ধ করা হয়েছিল, কারণ সেটিকে রাজনৈতিক বলা হয়েছিল। ১৯৪৬ সালে যা ঘটেছিল, যা স্বাধীনতার আগের ঘটনা, সেটাকে রাজনৈতিক বলা হচ্ছে কেন? সব জায়গায় শুধু হিন্দু-মুসলিম দেখা হচ্ছে, সত্য দেখা হচ্ছে না। যদি হিন্দু-মুসলিম প্রসঙ্গ থাকে, তবে সত্যও থাকবে। সত্য দেখাতে সমস্যা কোথায়?’
এদিকে ‘আখরি সওয়াল’ ছবিটি ইতিমধ্যেই বিজেপি শিবিরে যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে। সঞ্জয় দত্ত অভিনীত এই ছবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছরের যাত্রাপথ তুলে ধরা হয়েছে।
সম্প্রতি দিল্লিতে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও। ছবির গল্প, উপস্থাপনা এবং দেশগঠন নিয়ে বার্তার প্রশংসা করেছেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকার গঠনের পর মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করতে পারে। বিশেষ করে ‘বাংলা মুক্ত’ মন্তব্য ঘিরে আগামী দিনে রাজনৈতিক তরজা আরও বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।