রাজ্যে এবার পঞ্চম এনকাউন্টার। রবিবার এনকাউন্টারে খতম হয়ে গেল রতন শেখ। শান্তিনিকেতন থানার লায়েক বাজারে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করা হয়েছিল। তারপর থেকে পলাতক ছিল অভিযুক্ত রতন শেখ। শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত পুলিশকর্মী বিশ্বজিৎ দাসকে দেখতে যান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তার ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে খতম হয়ে গেল রতন শেখ। এদিন দুপুরে রতন শেখ পুলিশের জালে ওঠে বলে খবর প্রকাশ্যে আসে। এই রতন শেখের বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু সন্ধ্যে নামতেই খবর এল রতন শেখের এনকাউন্টার। এটাকেই বলে সকালে জমা বিকেলে খরচ।
শুক্রবার সন্ধ্যায় বীরভূমের শান্তিনিকেতন থানার লাইকবাজারে রতন শেখকে ধরতে গিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। তাতে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। একটি গুলি লাগে বিশ্বজিতের বাঁ পায়ে। প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। রবিবারই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই কনস্টেবলকে। রতন শেখের খোঁজে জেলাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল পুলিশ। রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশ্বজিৎকে দেখে তাঁর সাহসিকতার প্রশংসা করে জানিয়েছিলেন, পুলিশের এই রক্ত বৃথা যাবে না। উপযুক্ত শাস্তি পাবে দোষী। সেটাই পেল।
এই পরিস্থিতি বুঝে পুলিশের পদক্ষেপ করার ‘স্বাধীনতা’ আছে বলে আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অন্য কারও মতো পুলিশেরও বাঁচার অধিকার আছে। বন্দুক-গুলি পকেটে গুঁজে রাখার জন্য দেওয়া হয়নি পুলিশকে। সঠিক সময়ে সেগুলির প্রয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এই ধরনের খুনি-গুন্ডা-ধর্ষকদের বিরুদ্ধে পুলিশকে ‘খোলাছুট’ দেওয়া আছে। আমি বলব, ভারতীয় ন্যায় সংহিতা বা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যা করার আমরা তা করব। আমি আইনের কথা বলব। অভিযুক্তের বিরুদ্ধে ৩৬ কেস ছিল। বীরভূম পুলিশ ২০২৬ সালে আমরা ক্ষমতায় আসার পর গ্রেপ্তার করেছিল। এরা তৃণমূল সমর্থিত গুণ্ডা। ভোট লুট পার্টি। তবে আমি দেখব পুজোর সময় কীভাবে জামিন পেল, এর পিছনে কী গন্ধ আছে আমরা দেখব।’
তাছাড়া গুলি চালানোর ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় পুলিশের জালে ধরা পড়ে রতন শেখ। অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে সে আবার গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা জবাবে পুলিশের এনকাউন্টারে খতম হয় ওই দুষ্কৃতী। এই নিয়ে রাজ্যে পঞ্চম এনকাউন্টারের ঘটনা ঘটল। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতন শেখ। এলাকায় তার কুখ্যাতি ছিল। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা থেকে মাদক পাচার-সহ বেশ কয়েকটি মামলা ছিল তার বিরুদ্ধে। এনকাউন্টারের খবর প্রকাশ্যে আসতেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় খুনি, ধর্ষকের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার তাই করা হবে। গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।’