পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা-ভাঙচুর-চলল গুলি, আটক দুই যুবক

Nodal Officer Attacked Photo-SNS

কালীপুজোর রাতে রিষড়ায় পুরসভার এক অফিসারের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলার জেরে বাড়ি ভাঙচুর করা হয় এবং গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ল। রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের নবীন পল্লী এলাকায় এখন এটাই চর্চিত বিষয়। আক্রান্ত পুরসভার নোডাল অফিসার পুলিশের দ্বারস্থ হয়েছেন। সোমবার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। আর দুজন যুবককে আটক করা হয়েছে। এখন তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিষড়ায় যখন এই ঘটনা ঘটে তখন সকলে বুঝতে পারেননি। কারণ অনেকেই মনে করেছিলেন, দীপাবলির বাজি ফাটার আওয়াজ। কিন্তু অসিতাভ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, একদল দুষ্কৃতী মাঝরাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে গুলিও চালায় তারা। অসিতাভবাবু বলেন, ‘কালীপুজোর আগে ওই এলাকায় একটি মদ ও জুয়ার ঠেকে পুলিশ অভিযান চালিয়েছিল। এই নেশার ঠেকের খবর আমি পুলিশকে দিয়েছি বলে সন্দেহ করে দুষ্কৃতীরা। তার জেরেই বাড়িতে হামলা চালানো হয়। মাঝরাতে বেশ কয়েকজন আমার বাড়ির সামনে জড়ো হয়। পরিস্থিতি দেখতে আমি যখন ব্যালকনিতে যাই তখন আমাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও অল্পের জন্য রক্ষা পাই।’

কিন্তু এমন ঘটনা ঘটলে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। একজন সরকারি অফিসার নিজের বাড়িতেই নিরাপদ নন বলে অনেকে বলতে শুরু করেছেন। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত অসিতাভবাবু ও তাঁর পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় পদ্মপুকুর পাড়ের বাবাই আইচ এবং সুভাষনগরের সঞ্জীব শিকদার নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এখন তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূ্ত্রে খবর। নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘আটক দুই যুবকই এলাকায় জুয়া-সাট্টার ঠেক চালায়। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’


কিছুদিন আগে থেকে রিষড়া পুরসভার উদ্যোগে খাদ্য সুরক্ষা, প্লাস্টিক ব্যবহার বন্ধ, ভেজাল তেল এবং নানা অসামাজিক কাজের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে পুলিশের সহযোগিতাও নেওয়া হয়েছে। এই হামলার পরও অভিযান বন্ধ হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন রিষড়া পুরসভার নোডাল অফিসার। তবে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি। পুলিশ সূত্রে খবর, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন ওই নোডাল অফিসারের বাড়িতে হামলা চালানো হল? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।