শুক্রবার মন্ত্রীদের দপ্তর বণ্টন

৩৫ জন বিধায়ক সোমবার শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালে বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৫ জন বিধায়ক। শপথ নিলেও এখনও দপ্তর বণ্টন হয়নি। নবান্ন সূত্রে খবর আগামী শুক্রবার মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে।

বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়েছে গেরুয়া শিবির। ২০৮টি আসন রয়েছে তাদের ঝুলিতে। ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক-সহ আরও দুই মন্ত্রী। তারপর থেকে তাঁরাই বিভিন্ন দপ্তর সামলাচ্ছেন।

সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রীসভা সম্প্রসারণ হয়। মুখ্যমন্ত্রী সহ এখন মন্ত্রীসভার মোট সদস্য ৪১ জন। ক্যাবিনেট মন্ত্রী ১৯ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৩ জন এবং প্রতিমন্ত্রী ১৯ জন রয়েছেন। তবে নতুন ৩৫ জন মন্ত্রী এখনও কোনও দপ্তর পাননি। আজ দপ্তর বণ্টন হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। শুক্রবার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে বলে খবর।