আদিবাসীদের আন্দোলনের সমাধানের আশ্বাস মন্ত্রী টুডুর

দীর্ঘদিন ধরে শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন এবং কর্মসংস্থানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দিশম আদিবাসী গাঁওতা। দুর্গাপুরের সিটি সেন্টারে ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশে গত ৫৫ দিন ধরে তাঁদের অবস্থান-বিক্ষোভ চলছে। শনিবার আন্দোলন মঞ্চে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী  ক্ষুদিরাম টুডু।

আন্দোলনকারীদের অভিযোগ, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির অধিকার ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। সেই কারণেই নির্বাচনের আগে ছয় দফা দাবিকে সামনে রেখে তাঁরা লাগাতার ধরনা শুরু করেছেন।

তাঁদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে কাঁকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং আইকিউ সিটি প্রকল্পে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের ব্যবস্থা করা। পাশাপাশি এসআইআর তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিও তুলেছেন তাঁরা।


শনিবার ধরনামঞ্চে গিয়ে আন্দোলনকারীদের বক্তব্য মন দিয়ে শোনেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি বলেন, ‘প্রাক্তন তৃণমূল সরকার আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে বহু মানুষ সমস্যার মধ্যে দিন কাটাতে বাধ্য হয়েছেন।‘ তিনি আরও জানান, বিজেপি সরকার গঠনের পর একজন পূর্ণমন্ত্রী হিসেবে তিনি সরাসরি মানুষের সমস্যার কথা জানতে এসেছেন।

মন্ত্রী আশ্বাস দেন, এলাকার দুই বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মণ গড়ুইয়ের সঙ্গে আলোচনা করে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে দ্রুত সমাধানের পথে এগোনোর চেষ্টা করা হবে। পাশাপাশি কাঁকসার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের বিভিন্ন সমস্যাও খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।