পানিহাটিতে বিজেপি কর্মীর খুনের ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। তারই মধ্যে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের একটি মন্তব্য বেশ অস্বস্তিতে ফেলে দেয় রাজ্য বিজেপিকে। মৃত কর্মীর বাড়িতে গিয়ে চোখের জল ফেলে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘বিজেপিক্ষমতায় না এলে হয়তো ভালই হতো’। রত্নার এই বিস্ফোরক মন্তব্যে জোর চর্চা শুরু হয়ে যায় গোটা রাজ্যে এবং সমাজমাধ্যমে। এবার সোমবার সেই মন্তব্যের প্রেক্ষিতে রত্নার সমালোচনা করলেন মন্ত্রী অর্জুন সিং। মুখ খুললেন দিলীপ ঘোষও।
এদিকে পানিহাটির ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা বাড়ি ফিরছিলেন। তখন বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলা হয় বলে অভিযোগ। প্রথমে রুমা সাহা সেই বিবাদ থামিয়ে বাড়ি ফিরে যান। ততক্ষণে সেখানে দলবল নিয়ে এসে আবার হামলা শুরু হয়। তখন বিষয়টি স্বামী অরূপ সাহাকে বলেন রুমা। বিবাদ মিটমাট করতে অরূপ দ্রুত ঘটনাস্থলে যান। যারা বিবাদ করছিল, তাদের সেখান থেকে চলে যেতে বলেন অরূপ। কিন্তু সে কথা না শুনে অরূপ সাহাকে সজোরে বুকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। রাতে বাড়ি ফেরার পর অসুস্থবোধ করতে থাকেন, বমিও হয়। তাঁকে দ্রুত স্থানীয় সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বিজেপি কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়।
অন্যদিকে এই ঘটনাকে ‘খুন’ বলে দাবি করে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক রত্না দেবনাথ। কাঁদতে কাঁদতে বিধায়ক বলেন, ‘এই পরিবারের জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তাহলেই মনে হয় ভাল হতো। এই তো এদের বাবা চলে গেল। আমার মেয়েটাও চলে গেল। ৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে রং মেখে তারাই মূলত দলে বেশি কাজ পাচ্ছে। সহযোগিতা পাচ্ছে। অন্য জায়গার কথা বলতে পারব না। পানিহাটিতে মূলত এটাই হয়েছে।’ এই মন্তব্যই অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।
তারপরই মাঠে নামেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি পানিহাটি এলাকা হাতের তালুর মতো চেনেন। তাই ওই ঘটনা এবং মন্তব্য নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের অর্জুন সিং বলেন, ‘ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভাল। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার হয়েছেও।’ অর্জুনের মন্তব্যকে কার্যত সমর্থন করে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য, ‘বিধায়কের বিষয়টি ঠিক জায়গায় বলা উচিত। কোথাও সমস্যা থাকলে সেটা পার্টির লোকেরা দেখবেন। প্রেস মিডিয়ায় বললে কোনও সমাধান হয় না। সমস্যা তৈরি হয়। সমাধান পার্টির পক্ষ থেকে করা উচিত। খোঁজ নেওয়া উচিত। দেখা উচিত যে কোথায় সমস্যা রয়েছে।’