রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতে সচেতনতার বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার

Image: IANS

শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড বা জনবহুল এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা এবং পানের পিক ছড়ানোর বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের নিয়ে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পন্নামবলাম এস, আবুল কালাম আজাদ ইসলাম-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।
সকালে সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মন্ত্রী নিজেই ঝাড়ু হাতে রাস্তাঘাট ও দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। বাসস্ট্যান্ড সংলগ্ন কয়েকটি গ্যারেজও পরিদর্শন করেন তিনি। রাস্তা, নর্দমা বা জনসমক্ষে বর্জ্য ফেলা থেকে বিরত থাকার বার্তাও দেন।
মন্ত্রী জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা, প্লাস্টিক, বোতল বা পানের পিক ফেললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ঘটনার ছবি সংগ্রহ করবেন এবং সেই প্রমাণের ভিত্তিতে জরিমানার নোটিস পাঠানো হবে। পরিচ্ছন্ন বাংলা গড়ে তুলতে আইন আরও কঠোরভাবে কার্যকর করা হবে বলেও তিনি জানান।
এদিন মন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে একাধিক অনিয়ম ও দুর্নীতির ঘটনা সামনে এসেছিল। বর্তমান সরকার শহর ও গ্রামাঞ্চলকে পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর বলেও তিনি দাবি করেন। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান মন্ত্রী।