মিড-ডে মিলের বরাদ্দ বন্ধ, চরম সঙ্কটে রাজ্যের বহু স্কুল, পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস স্কুল শিক্ষা দপ্তরের

Image: IANS

মিড-ডে মিল বা পিএম পোষণ প্রকল্পের বরাদ্দ গত মার্চের পর আর না আসায় চরম আর্থিক সঙ্কটে পড়েছে রাজ্যের বহু স্কুল। হাওড়া জেলার একাধিক স্কুলে পড়ুয়াদের দুপুরের খাবার চালিয়ে যেতে শিক্ষকদের মুদির দোকান থেকে ধার করতে হচ্ছে। কয়েক মাস ধরে ধার বেড়ে যাওয়ায় অনেক শিক্ষক দোকানিদের সামনে যেতে পর্যন্ত অস্বস্তিতে পড়ছেন।
জানা গিয়েছে, শুধু হাওড়া নয়, রাজ্যের বিভিন্ন জেলার স্কুলেও একই সমস্যা দেখা দিয়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, ২০২৬-২৭ অর্থবর্ষে পিএম পোষণ প্রকল্পে ১,৮০০ কোটি টাকার বাজেট অনুমোদিত হলেও, জুন মাসে কেন্দ্রের কাছে অর্থ চাওয়া হলেও মঙ্গলবার পর্যন্ত কোনও টাকা রাজ্যের হাতে পৌঁছয়নি। ফলে বহু স্কুলের অগ্রিম তহবিলও প্রায় শেষ হয়ে এসেছে।

তবে স্কুলশিক্ষা দপ্তর স্পষ্ট জানিয়েছে, কোনও অবস্থাতেই মিড-ডে মিল বন্ধ রাখা যাবে না। বরাদ্দ অনুমোদিত হয়েছে, কেন্দ্রের টাকা এলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

স্কুলশিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, অধিকাংশ স্কুলকে তিন থেকে চার মাসের অগ্রিম বরাদ্দ দেওয়া হলেও, কম পড়ুয়াসংখ্যার স্কুলগুলিতে তহবিল দ্রুত ফুরিয়ে যাচ্ছে। হাওড়ার বালি-জগাছা ব্লকের এক প্রধানশিক্ষক বলেন, মার্চের পর আর কোনও টাকা আসেনি। মুদির দোকানে প্রায় ৫০ হাজার টাকা ধার হয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদের এক প্রধান শিক্ষক জানান, তাঁদের স্কুলে জুলাই পর্যন্ত বরাদ্দ রয়েছে, তবে এরপর টাকা না এলে সমস্যায় পড়তে হবে।

পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জেলার পিএম পোষণ আধিকারিক, জেলাশাসক ও জেলা স্কুল পরিদর্শকদের নিয়ে বৈঠক করেছে স্কুলশিক্ষা দপ্তর। এখন কেন্দ্রের বরাদ্দ দ্রুত না এলে রাজ্যের হাজার হাজার স্কুলে মিড-ডে মিল পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকেরা।