মেসি-উদ্বেগের মাঝেও দুরন্ত জয় মায়ামির

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কটা দিন। কিন্তু তার আগে আচমকাই উদ্বেগে আর্জেন্টিনা শিবির। চিন্তার কেন্দ্রবিন্দুতে অবশ্যই অধিনায়ক লিওনেল মেসি। আসলে রবিবার ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোটের জন্য ম্যাচের মাঝপথেই আচমকাই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

এদিন মিয়ামির এনইউ স্টেডিয়ামে ইন্টার মিয়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়ন ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন মেসি। দলের হয়ে জোড়া অ্যাসিস্টও করেন তিনি। কিন্তু, ম্যাচের ৭০ মিনিট নাগাদ একটি ফ্রিকিক নেওয়ার পরেই বাঁ পায়ের ঊরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন এই তারকা। তাঁর পরিবর্ত হিসেবে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। এদিকে, মাঠ ছাড়ার সময় নিজে হেটে বাইরে গেলেও ডাগআউটে না বসে সরাসরি সাজঘরে চলে যান তিনি। আর এতেই উদ্বেগ আরও বেড়েছে ।

ম্যাচের পরে মায়ামির কোচ গিলেরমো হয়োস বলেন, এখনও পর্যন্ত কোনও মেডিকেল রিপোর্ট পাননি তারা। তাই নিশ্চিত করে এখনই কিছু বলতে পারবেন না। তবে মিয়ামির কোচ জানিয়েছেন, মেসিকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তাই তারাও আর কোনও ঝুঁকি নিতে চাননি। ক্লাব কর্তৃপক্ষও এখনও মেসির চোটের বিষয়ে কিছু জানায়নি। যদিও আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কারণেই মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপের আগে তাই স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে নীল-সাদা ব্রিগেডের সমর্থকদের মধ্যে।


তবে মেসি খেলতে না পারলেও ম্যাচে দাপট দেখিয়েছে মায়ামি। রুদ্ধশ্বাস লড়াইয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৬-৪ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। খেলা শুরুর প্রথম দিকে অবশ্য দাপট ছিল ফিলাডেলফিয়ার। ম্যাচের ৯ মিনিটের মধ্যেই তারা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর মেসির পাস থেকে গোল করে মিয়ামির হয়ে ব্যবধান কমান গেরমান বেরটেরামে।

৩-১ পিছিয়ে থাকলেও প্রথমার্ধের শেষ হওয়ার আগেই স্কোরলাইন ৪-৩ করে ফেলে মেসির দল। বেরটেরামে ও লুইস সুয়ারেজ জোড়া গোল করেন। তবে, নাটকের তখনও বাকি ছিল। বিরতির আগেই ফিলাডেলফিয়ার হয়ে হ্যাটট্রিক করে স্কোরলাইন ৪-৪ করেন মিলান ইওস্কি। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে মিয়ামির হয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। শেষ দিকে গোল করে ব্যবধান ৬–৪ করেন রদ্রিগো দি পল।