আগামী শুক্রবার মহরম। ছুটির দিন। তাই ওই দিন কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ব্লু, ইয়েলো এবং গ্রিন এই তিন লাইনে অন্যদিনের তুলনায় কম মেট্রো চালানো হবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আর পাঁচটা দিনের মতোই প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও রদবদল করা হয়নি। অরেঞ্জ ও পার্পল লাইনে মেট্রোর সময়সূচিতেও কোনও পরিবর্তন করা হয়নি। ওই দুই লাইনে স্বাভাবিক দিনের মতোই মেট্রো চলবে।
বুধবার মেট্রো কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার মহরমের দিন ব্লু লাইনে ২৬০টি বদলে ২১৬টি ট্রেন চলবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে ১২০টির পরিবর্তে ৯২টি মেট্রো চলবে ইয়েলো লাইনে। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।
জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৭টি সরাসরি পরিষেবা মেলে। শুক্রবার মহরমের দিন অবশ্য ৪টি পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি শুক্রবার মেট্রোর সংখ্যা কমানো হয়েছে গ্রীন লাইনেও। এই লাইনে কাজের দিনে ২২৮টি ট্রেন চালানো হয়। তবে মহরমের ছুটিতে গ্রীন লাইনে ১৮৬টি মেট্রো চালানো হবে।
অন্যদিকে, মেট্রোর কাজের জন্য জুন ও জুলাই মাসে দুই দফায় ফের বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। ২৬ জুন শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার অর্থাৎ ২৯ জুন রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এই ফ্লাইওভার। এরপর ৩ জুলাই ফের রাত ৮টা থেকে ৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এই ফ্লাইওভার।