চলতি মাসের শেষে নবান্নে ডিএ নিয়ে বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সংগঠনের বৈঠক

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) আন্দোলন ঘিরে অবশেষে আশার আলো দেখা গেল। নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকের পর সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হলেও, ডিএ নিয়ে কোনও আলোচনা না হওয়ায় কর্মচারীদের একাংশের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমনকি নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছিলেন, মন্ত্রীসভায় ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি। ফলে আন্দোলনকারী সংগঠনগুলির মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে।

তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩০ মে নবান্নে ডিএ আন্দোলনকারী বিভিন্ন সংগঠন ও কো-অর্ডিনেশন কমিটির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন তিনি। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ সমাজ মাধ্যমে এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নিজে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের ডিএ সমস্যার সমাধানের পথ খুঁজতে আগ্রহী।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে ডিএ ইস্যু ঘিরে আন্দোলন, বিক্ষোভ ও আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যৌথ মঞ্চ জানায়, তারা সরকারকে কিছুটা সময় দিতে প্রস্তুত। যদিও অন্তর্বর্তীকালীন ৪ শতাংশ ডিএ ঘোষণার প্রত্যাশা ছিল কর্মচারীদের, তবুও আন্দোলনকারীরা এখনই সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাইছেন না।


প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী চান না নতুন সরকারের শুরুতেই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হোক। তাই আইনি জটিলতার বদলে আলোচনার মাধ্যমেই বকেয়া ডিএ মেটানোর একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরির চেষ্টা চলছে। ৩০ মে-র এই বৈঠক তাই রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন সকলের নজর সেই বৈঠকের দিকেই।