কালীপুজোর আগে অগ্নিকাণ্ডে ভস্মীভূত গোটা মণ্ডপ, আলোর উৎসবের আগেই আঁধার পাঁশকুড়ায়

Kali Puja Pandal Fire Photo-SNS

কালীপুজো উদ্বোধনের প্রাক্কালেই পুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার পাঁশকুড়া থানার অন্তর্গত যশোড়া কালীবাজার ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত হয় পুজোয় আগুন লেগে গোটা মণ্ডপ ভস্মীভূত হয়ে যায়। ওই মণ্ডপেই হঠাৎ আগুন লেগে যাওয়ায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি। তবে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা পুজোমণ্ডপ। রবিবার কালীপুজো। তার আগে এমন ঘটনা ঘটায় গোটা পুজোর আনন্দ মাটিতে মিশে গিয়েছে। প্রাক দীপাবলিতে যখন আলোর রোশনাইয়ে মেতে উঠেছেন মানুষজন তখন পাঁশকুড়ায় নেমে এল ঘন আঁধার। ভূত চতুর্দশীর সন্ধ্যায় এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেননি।

শহর থেকে জেলা সর্বত্র নানা বাহারি আলোর রোশনাইয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। সেখানে পাঁশকুড়ায় নেমে এল শোকের ছায়া। ভূত চতুর্দশীর সন্ধ্যায় গোটা মণ্ডপে জ্বলে উঠল দাউদাউ করে। আর আগুনের সেই লেলিহান শিখায় সবকিছু পুড়ে ছারখার হয়ে গেল। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া গ্রামের ঘটনায় এখন মাথায় হাত উদ্যোক্তাদের। যশোড়া কালীবাজার সমিতি এবং গ্রামবাসীদের যৌথ উদ্যোগে এই কালীপুজো এলাকার মধ্যে যথেষ্ট বিগ বাজেটের। সেখানে এদিনের ঘটনায় সব জলে চলে গেল।

এই বছর বাঁশের কাঠামোর উপর পাটের কারুকাজ করে বিশাল আকারের মণ্ডপ তৈরি করা হয়েছিল। যা তাকিয়ে থাকার মতো। কিন্তু বাঁশ এবং পাট দুটোই দাহ্য বস্তু। তাই আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। মণ্ডপের সামনে থার্মোকলের বিশেষ মূর্তি দিয়ে সাজানো হয়েছিল। থার্মোকলও দাহ্য বস্তু। সুতরাং সামান্য আগুনের ফুলকি মুহুর্তে বড় আকার ধারণ করে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ হঠাৎই মণ্ডপের একাংশে আগুন লেগে গিয়েছে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় মুহুর্তে আগুন ভয়াবহ আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা মণ্ডপ। কিছুক্ষণের মধ্যেই বিধ্বংসী আগুনে কার্যত ভস্মীভূত হয়ে যায় গোটা মণ্ডপ।


তাছাড়া স্থানীয় সূত্রে খবর, ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকম এবং পাঁশকুড়া থানার পুলিশ। তবে তার আগেই গোটা মণ্ডপ পুড়ে ছাই হয়ে যায়। যদিও কালীপুজো কমিটির পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রবিবার কালীপুজোর দিনই মণ্ডপ উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সুতরাং মন খারাপ যশোড়া গ্রামের বাসিন্দাদের।