রাস্তা-ফুটপাতে আর নয় মঙ্গলাহাট, কড়া অবস্থানে হাওড়া পুলিশ

হাওড়ার ঐতিহ্যবাহী মঙ্গলাহাটে এবার রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার ব্যবসায়ীদের স্পষ্ট জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে শুধুমাত্র নির্দিষ্ট হাট বিল্ডিংয়ের ভিতরেই ব্যবসা করতে হবে। রাস্তা কিংবা ফুটপাতে বসে আর জামাকাপড় বিক্রি করা যাবে না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম অমান্য করে কেউ যদি রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যান, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা করার অভিযোগে চারজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বিপুল পরিমাণ জামাকাপড়ও বাজেয়াপ্ত করা হয়েছে।

হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে যে, তাঁরা প্রশাসনের সিদ্ধান্ত মেনে চলবেন। সাধারণ মানুষের চলাচলে কোনও সমস্যা তৈরি না করেই ব্যবসা পরিচালনা করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী হাওড়া ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তা, হাসপাতাল, আদালত ও সরকারি দপ্তরের সামনে আর ব্যবসায়ীদের বসতে দেওয়া হবে না।


এছাড়াও দিনের ব্যস্ত সময়ে হাট বিল্ডিং থেকে মাল ওঠানো-নামানোর ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলে আসা এই হাটের সঙ্গে হাজার হাজার ব্যবসায়ী ও শ্রমিক যুক্ত থাকলেও, প্রশাসনের দাবি জনস্বার্থ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।