মোদীর তোপের জবাব মমতার, ‘বাংলা স্বাবলম্বী’

মাছ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁর এক নির্বাচনী সভা থেকে তিনি দাবি করেন, বর্তমানে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছে। আগে ইলিশের জন্য বাংলাদেশ বা হায়দরাবাদের উপর নির্ভর করতে হলেও এখন রাজ্যেই পর্যাপ্ত উৎপাদন হচ্ছে বলে জানান তিনি।

এর আগে হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলায় মাছের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও রাজ্য এখনও মৎস্যচাষে পুরোপুরি আত্মনির্ভর নয়। তাঁর বক্তব্য, গত এক দশকে দেশে মাছ উৎপাদন দ্বিগুণ হলেও পশ্চিমবঙ্গ সেই অগ্রগতির সুফল পায়নি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকারের কারণে কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম মৎস্য সম্পদ যোজনা’-র সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মৎস্যজীবীরা। ক্ষমতায় এলে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমানে ডায়মন্ড হারবারে গবেষণার মাধ্যমে ইলিশ চাষে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। আগে যেখানে ইলিশের জন্য বাইরের রাজ্য বা দেশের উপর নির্ভর করতে হত, এখন সেই পরিস্থিতি বদলেছে। পাশাপাশি ছোট মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।


এদিকে, খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক বিতর্কও ফের সামনে এসেছে। তৃণমূলের দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যসংস্কৃতিতে হস্তক্ষেপ করতে পারে। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতারা নির্বাচনী প্রচারে মাছের সঙ্গে নিজেদের যুক্ত করার চেষ্টা করছেন।