ফর্ম ৬ নিয়ে কমিশনকে চিঠি মমতার, বিজেপির বিরুদ্ধে ভিনরাজ্যের লোক ঢোকানোর অভিযোগ

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফর্ম-৬ ব্যবহার করে অন্য রাজ্যের ভোটারদের নাম রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে তিনি এই ঘটনাকে সম্ভাব্যভাবে অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে দাবি করেছেন, নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলায় এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিপুল পরিমাণে ফর্ম-৬ জমা দিচ্ছেন বিজেপির প্রতিনিধিরা। তাঁর মতে, এটি স্বাভাবিক ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নয়, বরং বাইরের রাজ্যের বাসিন্দাদের নাম বেআইনিভাবে তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা হতে পারে। তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোনও যোগসূত্র নেই এমন ব্যক্তিদের নাম তালিকায় তোলার চেষ্টা চলছে। একই ধরনের প্রবণতা বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির নির্বাচনেও দেখা গিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ফলে বহু মানুষ ভোটাধিকার হারিয়েছেন বলে তাঁর অভিযোগ। এমনকি, এর জেরে বহু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তিনি। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায়, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলের সভানেত্রী হিসেবেই তিনি এই চিঠি পাঠিয়েছেন।


এর আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক জনসভা থেকে একই অভিযোগ তোলেন মমতা। তিনি দাবি করেন, অন্য রাজ্য থেকে লোক এনে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চলছে। বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, বহু স্থানীয় মানুষের নাম বাদ পড়ছে, অথচ বাইরের নাম যুক্ত করা হচ্ছে।

এদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান। তিনি দাবি করেন, বস্তাভর্তি ফর্ম-৬ জমা দেওয়া হয়েছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানান তিনি। উল্লেখ্য, ফর্ম-৬ মূলত নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করা বা এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে নাম স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এই ফর্ম ঘিরেই এখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।