ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক খুন

ভিন রাজ্যে কাজে গিয়ে একের একের পর বাঙালি পরিযায়ী শ্রমিক খুন ঘটেই চলেছে। ফের বাংলা ভাষায় কথা বলার অপরাধে খুনের অভিযোগ উঠেছে। এবার মহারাষ্ট্রের পুণেতে পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ উঠল। নিহত শ্রমিকের নাম সুখেন মাহাতো।

তাঁর বাড়ি পুরুলিয়া জেলার বান্দোয়ানে। কাজের সূত্রে থাকতেন মহারাষ্ট্রের পুণেতে। বাংলায় কথা বলার জন্য খুন হতে হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডে মর্মাহত ও ক্ষুব্ধ বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার পরিযায়ী শ্রমিকের পাশে আছে বলে জানিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী এক যুবককে তাঁর ভাষা, পরিচয়, শিকড়ের জন্য অত্যাচার করার প্রসঙ্গ তুলেছেন। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুখেনের পরিবারের কাছে, আমি বলছি যে এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনার পাশে রয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘এটি একটি ঘৃণ্য অপরাধ। এক যুবককে তাঁর ভাষা, পরিচয়


এবং তাঁর শিকড়ের জন্য অত্যাচার করে হত্যা করা হল।’ মহারাষ্ট্রের পুণেতে কাজ করতেন মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। বয়স ৩১ বছর । ওই যুবকের বাড়ি পুরুলিয়ার জঙ্গলমহল বরাবাজারের তুমড়াশোলের বাঁধডিতে। পুরুলিয়ার ৭৮ নম্বর বুথের ভোটার নিহত সুখেন মাহাতো। ওই পরিযায়ী শ্রমিক তাঁর দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গেই একই গাড়ির পার্টস তৈরির কোম্পানিতে কাজ করতেন। তাঁর ছোট ভাই কাজ করতেন একটি ওয়েল্ডিং কারখানায়। বাংলা ভাষায় কথা বলাতেই কুড়মি জনজাতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

পুণের কোরেগাঁও ভিমার পাশে সনৎ বাড়ি এলাকায় ছিল ওই শ্রমিকের কর্মস্থল। মঙ্গলবার বিকেল ৩ টের শিফটে ডিউটি যান। সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। সুখেনের মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁর হত্যার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র-সহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। গত মাসেও মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের এক শ্রমিককে খুনের অভিযোগ উঠেছিল। ওই ঘটনার ক্ষেত্রে বাংলায় কথা বলার কারণেই তাঁর উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল। এ বার সেই একই অভিযোগ উঠল।