‘মধ্যরাতের অপারেশন’-এর প্রসঙ্গ তুলে সতর্ক থাকার বার্তা মমতা

বারাসতের কাছারি ময়দানের জনসভায় মমতা।

পশ্চিমবঙ্গের ভোটের আবহে বিজেপির বিরুদ্ধে এক গুরুতর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষে এক নির্বাচনী সভা থেকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রবিবার মধ্যরাত থেকেই একটি পরিকল্পিত ‘অপারেশন’ শুরু হতে পারে। তাঁর দাবি, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য ইভিএম ব্যবহারে কারচুপি, ধীরগতির ভোটগ্রহণ ও গণনার মতো কৌশল নেওয়া হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটের দিন ইচ্ছাকৃতভাবে ভোটদান প্রক্রিয়া ধীর করা হবে এবং গণনার সময় প্রথমে বিজেপিকে এগিয়ে দেখানো হতে পারে। তিনি আরও বলেন, বিরোধী দলের কর্মীদের গ্রেপ্তার করার চেষ্টাও হতে পারে। তাঁর কথায়, ‘টিভিতে যদি দেখায় বিজেপি এগিয়ে, তা সবসময় সত্যি নাও হতে পারে।‘ তবে এই আশঙ্কার মাঝেও তিনি নিজের দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি দৃঢ়ভাবে বলেন, ‘আমরাই জিতব, আমাদের হারানোর ক্ষমতা কারও নেই।‘

এছাড়াও তিনি বহিরাগতদের ব্যবহার করে ভোট লুটের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তাঁর অভিযোগ, বিজেপি ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিলি করছে। সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, কেউ যেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অপরিচিতদের সঙ্গে ভাগ না করেন। তাঁর আশঙ্কা, এর মাধ্যমে কালো টাকা লেনদেন বা আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে, যার ফলে কেন্দ্রীয় সংস্থার তদন্তের মুখেও পড়তে পারেন সাধারণ মানুষ।


দিনভর তিনটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রতিটি ক্ষেত্রেই দলীয় কর্মী ও সমর্থকদের আরও সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি জানান, কোনও প্ররোচনায় পা না দিয়ে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখা জরুরি।