গোটা বাংলায় প্রচার সেরে এবার নিজের কেন্দ্র ভবানীপুরে জোর দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের শেষ পর্যায়ে টানা চার দিন তিনি ভবানীপুরে জনসংযোগ ও প্রচারে অংশ নেবেন। পাশাপাশি কলকাতা ও আশপাশের অন্যান্য কেন্দ্রেও দলীয় প্রার্থীদের সমর্থনে সভা ও পদযাত্রা করবেন তিনি।
এই কর্মসূচি ঘিরে প্রস্তুতি নিতে বৃহস্পতিবার সুব্রত বক্সীর দপ্তরে ভবানীপুরের সব কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকে কেন্দ্রের আটটি ওয়ার্ডেই জনসভা ও পদযাত্রা করবেন মমতা। এছাড়া একটি বড় ওয়ার্ডে দু’টি পৃথক সভারও পরিকল্পনা রয়েছে।
২৪ এপ্রিল একটি বড় পদযাত্রারও পরিকল্পনা করা হয়েছে। যাদবপুর ৮বি থেকে শুরু হওয়া এই র্যালি যাদবপুর, টালিগঞ্জ, রাসবিহারী, কসবা ও বালিগঞ্জ ঘুরে ভবানীপুরে প্রবেশ করবে। সূত্রের খবর, তৃণমূলের সমর্থনে অন্য রাজ্যের নেতাদেরও আনা হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছেন অখিলেশ যাদব ও হেমন্ত সোরেন। ইতিমধ্যে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচারে নেমেছেন সৈকত মিত্রের মতো সংগীতশিল্পী, বর্ণালী মুখোপাধ্যায়ের মতো সিঙ্গুর আন্দোলনের নেত্রীরাও।
এদিকে, ভবানীপুরে ইতিমধ্যেই তৃণমূলের প্রচার তুঙ্গে। সম্প্রতি তৃণমূল ছাত্র-যুবদের উদ্যোগে একটি বড় মিছিল বের হয়। হাজরা মোড় থেকে শুরু হয়ে আশুতোষ কলেজ, প্রিয়নাথ মল্লিক রোড, টাউনসেন্ড রোড, চক্রবেড়িয়া রোড, পদ্মপুকুর মোড়, দেবেন্দ্র ঘোষ রোড, হরিশ মুখার্জি রোড, বসন্ত বোস রোড, হাজরা রোড ধরে ফের আশুতোষ কলেজের সামনে এসে শেষ হয়। প্রিয়নাথ মল্লিক রোডে সুব্রত বক্সির অফিসে বৈঠক শেষে এসে যোগ দেন মেয়র ফিরহাদ হাকিম, দুই মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি ও অসীম বসু।
এই মিছিলে শুধু দলীয় কর্মীই নন, সাধারণ মানুষেরও ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। বিশেষ করে মহিলা ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভবানীপুরে ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই জনসমাগম তৃণমূল শিবিরে বাড়তি উৎসাহ জুগিয়েছে।