কুণাল-শ্রেয়ার সমর্থনে আজ থেকে কলকাতায় প্রচার শুরু মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একমাসের জেলা সফর শেষ করে সোমবার কলকাতায় প্রচার শুরু করছেন। ২৩ মার্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে জনমত বোঝার পর এবার তাঁর লক্ষ্য শহর কলকাতা। এদিন মুরারই এবং উত্তর ২৪ পরগনার খড়দহে সভা সেরে তিনি শহরের প্রচারে নামবেন।

প্রথম কর্মসূচি বিকেলে বেলেঘাটায়, যেখানে প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলার প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে সভা করবেন তিনি। এরপর সন্ধ্যার দিকে নিজের কেন্দ্র ভবানীপুরে একটি পদযাত্রা ও জনসভায় অংশ নেওয়ার কথা। শেক্সপিয়ার সরণি থেকে মিছিল শুরু হয়ে অ্যালেন পার্কে গিয়ে শেষ হতে পারে, যেখানে তিনি ভাষণ দেবেন।

গত একমাস ধরে জেলার মাটিতে ঘুরে মানুষের প্রতিক্রিয়া থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন তৃণমূল নেত্রী। সেই আত্মবিশ্বাস নিয়েই শুরু হচ্ছে কলকাতা পর্ব। আগামী কয়েকদিন শহরজুড়ে একাধিক সভা ও পদযাত্রায় তাঁকে দেখা যাবে। তীব্র গরম উপেক্ষা করেও তাঁর কর্মসূচিতে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে।


এর মাঝেই রয়েছে হলদিয়া সফর। সেখান থেকে ফিরে ২৭ তারিখ পর্যন্ত টানা কলকাতায় প্রচার চালাবেন তিনি। ২৩ এপ্রিল যাদবপুর ও টালিগঞ্জের প্রার্থীদের সমর্থনে শ্রীকলোনি যুব সংঘের মাঠে সভা করবেন। পরদিন সুলেখা মোড় থেকে গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত একটি বড় মিছিলের পরিকল্পনাও রয়েছে।