‘উই ওয়ান্ট জাস্টিস’, জ্ঞানেশের বিরুদ্ধে রাজধানীর রাজপথ থেকে স্লোগান মমতার

India Bloc Leaders Photo-SNS

রাজধানীর রাজপথ চলে গেল ইন্ডিয়া জোটের দখলে। বলা ভাল, দেশের তামাম বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মিছিলের ভিড়ে রাজধানী দিল্লির মাটি কেঁপে উঠল। শুধুই কালো মাথার ভিড়। বিরোধীদের সিংহগর্জন শোনা গেল সেখান থেকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের বিরুদ্ধে এবং গণতন্ত্র স্থাপনের লক্ষ্যে এই বিশাল মিছিল শুরু হয়। এগিয়ে যায় তা সুপ্রিম কোর্টের পথে। সাধারণ মানুষ থেকে ছাত্র-যুবরা এই মিছিলে পা মেলান। এই মিছিলের নেতৃত্বে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুললেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

এই স্লোগান তুলেই মিছিলের সূচনা লগ্নে সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। আর বাকি নেতা-নেত্রীরা তাতেই গলার স্বর মেলালেন। এসআইআরের নামে ‘ভোটচুরি’, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট অভিযান’ এভাবেই শুরু করল ‘ইন্ডিয়া’ জোট। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শীর্ষনেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকি সাংসদরা, একাধিক বাম নেতা এবং সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা সামিল হলেন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই স্লোগানই শোনা গেল সোমবার দুপুরে। নয়াদিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সুপ্রিম কোর্ট অভিযানের শুরুতে সাংবাদিকদের সামনে এই আওয়াজই তুললেন তিনি।

 


দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে, এসআইআর বাতিলের দাবিতে কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল শুরু করেন বিরোধীরা। রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মিছিলে পা মেলালেন মমতার দলের সাংসদরাও। একই সঙ্গে আরজেডি, সমাজবাদী পার্টির সাংসদরাও মিছিলে যোগ দেন। ওই কর্মসূচি শুরুর সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানবিকতার স্বার্থে এই প্রতিবাদ। আমরা বিচার চাই। এটা মানবিকতার জন্য, ন্যায়বিচারের জন্য। আমরা বিচার চাই। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস। আর কিছু নয়।’

Rahul Gandhi-Mamata Banerjee Photo-SNS

তাছাড়া ভোট চুরির বিরুদ্ধে সোচ্চার হয়ে হাজার হাজার মানুষ ও সমর্থক রাস্তায় নেমেছেন। সোমবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া থেকে বিরোধী শিবিরের প্রথম বাস সর্বোচ্চ আদালতের দিকে রওনা দেয়। এই বাসে মূলত কংগ্রেসের শীর্ষ নেতা-কর্মীরা উপস্থিত আছেন। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বড়া খাম্বা রোড  থেকে সুপ্রিম কোর্টের উদ্দেশে ইন্ডিয়ার মিছিল এগিয়ে চলে। যা সম্প্রচার হয় সমস্ত জাতীয় সংবাদমাধ্যমে এবং ডিজিটাল মিডিয়ায়।