১৪ ও ১৫ মে সাংসদ ও পরাজিত প্রার্থীদের নিয়ে পৃথক বৈঠক মমতার

প্রতিনিধিত্বমূলক চিত্র

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দলীয় সংগঠনকে চাঙ্গা করতে তৎপর হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ মে কালীঘাটের বাসভবনে তৃণমূলের সাংসদদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তিনি। পাশাপাশি ১৫ মে নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থীদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি।

ভোট পরবর্তী পরিস্থিতিতে এর আগেই জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সংগঠনকে শক্তিশালী রাখা, সাধারণ মানুষের পাশে থাকা এবং রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলায় একাধিক নির্দেশ দেন তিনি। এবার পরাজিত প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে ভোটের ফলাফল বিশ্লেষণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করতে চান তৃণমূল নেত্রী।

রাজ্যে নতুন সরকার গঠনের পরও রাজনৈতিক সংঘর্ষ থামেনি বলেই অভিযোগ তৃণমূলের। দলের দাবি, বিভিন্ন জেলায় তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, ক্লাব দখল এবং ভয় দেখানোর ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও এলাকায় দলীয় কর্মীর মৃত্যুর খবর সামনে আসছে বলেও অভিযোগ শাসকদলের প্রাক্তন নেতৃত্বের।


এই আবহেই কর্মীদের মনোবল বাড়ানো এবং সংগঠনকে রাস্তায় আরও সক্রিয় করে তোলার লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, এর আগে নেত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, ‘রাস্তাই রাস্তা দেখাবে।’ বিরোধী নেত্রী হিসেবে আন্দোলনের ময়দানে ফের সক্রিয় থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তৃণমূলের অন্দরের একাংশের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু করতেই সাংসদ ও পরাজিত প্রার্থীদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। দলীয় সূত্রের খবর, সাংসদদের সঙ্গে বৈঠকে সংসদীয় কৌশল, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে, পরাজিত প্রার্থীদের সঙ্গে ভোটের ফলাফল, সাংগঠনিক দুর্বলতা, বুথভিত্তিক পরিস্থিতি এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে পরাজয়ের পরও সংগঠনকে রাস্তায় সক্রিয় রাখার স্পষ্ট বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই দ্রুত ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তিনি দলকে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত করতে চাইছেন।