বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যবাসীকে সতর্কতামূলক রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের মাধ্যমে পশ্চিমবঙ্গকে ভাগ করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বিজেপি বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। বিহারের কিছু এলাকা ও পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে আলাদা রাজ্য তৈরির পরিকল্পনা রয়েছে। তারা ক্ষমতায় এলেই এই পরিকল্পনা কার্যকর করতে পারবে। তাই এবারও তাদের পরাজিত করতে হবে।’
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে প্রকৃত ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হতে পারে। তিনি বলেন, ‘কোনওভাবেই ঢিলেমি করার সুযোগ নেই। সবাইকে খুব সতর্ক থাকতে হবে।’
এদিন তিনি রাজ্য পুলিশের অপরাধ দমন শাখার কাজের প্রশংসাও করেন। মালদার কালিয়াচকে বিচারকাজে যুক্ত আধিকারিকদের হেনস্থা-কাণ্ডে মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে গ্রেপ্তারের জন্য সিআইডিকে কৃতিত্ব দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, জাতীয় তদন্তকারী সংস্থা পৌঁছনোর আগেই রাজ্য পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগও তোলেন। তাঁর দাবি, ‘বিজেপি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে মানুষের ব্যাঙ্কের তথ্য সংগ্রহ করছে। কোনওভাবেই নিজের ব্যাঙ্কের তথ্য কাউকে দেবেন না।’
পরে রায়গঞ্জে আরেকটি জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, কোন সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা এনে ভোটারদের মধ্যে বিলি করা হচ্ছে। সে বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য রয়েছে। ‘সময়ে সব প্রকাশ করব’, বলেও জানান তিনি। নির্বাচনের আগে এই অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।