এবার নয়াদিল্লি সফরে মমতা-অভিষেক, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার কৌশল

Mamata Banerjee-Abhishek Banerjee Photo-ANI

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ভোট চুরির অভিযোগে এককাট্টা হয়েছে বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা। এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে নয়াদিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আগেই রাজধানীতে পা রাখছেন তাঁরা বলে সূত্রের খবর। শুধু তাই নয়, এই সফরে হবে ইন্ডিয়া জোটের বৈঠকও। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানে দু’তিনদিন থাকবেন তাঁরা বলে জানা যাচ্ছে। এবার যে আন্দোলন গড়ে উঠবে তা গোটা দেশেই হবে।

জ্ঞানেশ কুমারের অপসারণ ইতিমধ্যেই দাবি করা হয়েছে। তার উপর নিয়ে আসা হচ্ছে ইমপিচমেন্ট নোটিস। সেটার তোড়জোড় করতেই এবার নয়াদিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক। এখান থেকেই একজোট হবে বিরোধী জোট বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল সকলের সঙ্গেই কথা হয়েছে বলে সূত্রের খবর। ইতিবাচক আলোচনা হওয়ার পরই নয়াদিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী। এবার নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলে সূত্রের খবর।

আগামী ৪ অক্টোবর নয়াদিল্লিতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্যই এই রাজধানী সফর। এই বৈঠকে যোগ দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলে সূত্রের খবর। ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পার্লামেন্ট থানায় এফআইআর করেছেন সাংসদ মহুয়া মৈত্র। নানা রাজ্যে আন্দোলনে নেমেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগাম তৈরি হওয়া অনুষ্ঠান বাতিল করতে হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে। ঘরে-বাইরে চাপে পড়ে গিয়েছেন জ্ঞানেশ কুমার। তার মধ্যেই বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।


তাছাড়া এই বিতর্কে বিরোধী দলগুলির অবস্থান কী হবে এবং তাদের স্ট্র্যাটেজি ঠিক করতেই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। আগামী সপ্তাহেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু ইন্ডিয়া জোটের শরিকরাই নয় এই জোটে নেই কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দল তাদেরকেও একত্রিত করা হতে পারে বলে শোনা যাচ্ছে। সাংসদ সৌগত রায় বলেন, ‘এই বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এমএ বেবি চিঠি লিখেছেন এবং ফোনে কথাও বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সম্মতি নিয়েছেন। আগামী সপ্তাহে বৈঠক করার কথা। রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন নেত্রী। অন্যান্য বিরোধীদের সঙ্গে কথা চলছে। ওই বৈঠকে কংগ্রেস উপস্থিত থাকবে।’