মোবাইলে নোটিফিকেশন আসছে, স্ক্রিনে ভেসে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও বার্তা। কিন্তু বাস্তবে বহু যুবক-যুবতী ব্যাঙ্কে গিয়েও ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাচ্ছেন না। ফলে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—অসংখ্য আবেদনকারী এখনও অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে চলেছেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘যুবসাথী’ প্রকল্পে মোট প্রায় ৭৪ লক্ষ আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, এর মধ্যে কয়েক লক্ষ আবেদনকারী ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। নিয়ম অনুযায়ী, একসঙ্গে দু’টি প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। তাই প্রায় ২০ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে এবং আপাতত ৫৪ লক্ষ আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে বাস্তবে এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোয় নিচুতলায় অসন্তোষ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পুরুলিয়ার মানবাজারে এক সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি জানান, যাঁরা টাকা পাননি তাঁদের আবেদনে প্রযুক্তিগত ত্রুটি বা ডুপ্লিকেট সমস্যা রয়েছে। খুব শীঘ্রই তা সংশোধন করে তাঁদের টাকা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসনগুলিকে দ্রুত নথি যাচাই করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ সালের নির্বাচনে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বড় ভূমিকা নিয়েছিল। তবে এবার ভোটের আগে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কৌশল নিয়েছে সরকার। কিন্তু সেই পরিকল্পনায় প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুটা ব্যাঘাত ঘটছে। শুধু ‘যুবসাথী’ নয়, কিছু জেলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকাও সময়মতো না পাওয়ার অভিযোগ উঠেছে। বেকার ভাতার ইস্যু যাতে ভোটে প্রভাব না ফেলে, সেদিকেই নজর রেখে যুবকদের আশ্বস্ত করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।