ধরনামঞ্চের কাছে বিজেপির লিফলেট বিলি করার অভিযোগ মমতার, এফআইআরের নির্দেশ

ধর্মতলার মঞ্চে মমতা।

এসআইআর ইস্যুতে বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে ধর্মতলায় চলা তৃণমূলের ধরনার চতুর্থ দিনেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেই ধরনামঞ্চ থেকে তিনি দাবি করেন, বিজেপির পক্ষ থেকে ধরনাস্থলের আশেপাশে লিফলেট বিলি করা হচ্ছে। এমনকি এ কাজের জন্য বিশেষ এজেন্সির সাহায্য নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন, যারা এই কাজ করছে তাদের হাতেনাতে ধরতে হবে। তিনি মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত এ বিষয়ে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পাশাপাশি ধরনামঞ্চের আশেপাশে নজরদারি বাড়ানোর কথাও বলেন। তাঁর বক্তব্য, ধরনাস্থলের আশেপাশে যারা উস্কানি বা অন্য কোনও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

মমতা বলেন, “বিজেপি ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতেনাতে ধরতে হবে। আমি শশী পাঁজাকে বলছি এদের বিরুদ্ধে এফআইআর করতে। এখানে ওদের ঢোকার অধিকার নেই। কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করতেই হবে।” তিনি আরও জানান, ধরনাস্থলে উপস্থিত সকলকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলেই তা সঙ্গে সঙ্গে দলের নেতাদের জানাতে হবে।


মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে বলছি। চারপাশে নজর রাখুন। কোথায় গেল ওরা? পালিয়ে গেছে বোধহয়। কিন্তু এদের আমাদের ধরতেই হবে।‘ তাঁর এই নির্দেশের পরেই ধর্মতলা এলাকায় খোঁজ শুরু করেন তৃণমূল কর্মীরা।

জানা গিয়েছে, তল্লাশি চালানোর সময় একজন ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়েছে বলে দাবি করা হয়েছে। এলাকার একটি দোকান থেকে বিজেপির ‘ব্রিগেড চলো’ লেখা লিফলেটও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে ধরনাস্থলের আশেপাশে উত্তেজনা তৈরি হয়।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়ছে—এই অভিযোগ তুলে ধর্মতলায় অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই তিনি ধরনামঞ্চেই রাত কাটাচ্ছেন এবং সেখান থেকেই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিচ্ছেন।

এদিকে জানা গিয়েছে, সোমবার বিকেলে ধরনামঞ্চে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিকে ঘিরেও তৃণমূল শিবিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।