গঙ্গায় তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গঙ্গায় স্নান করতে নেমে প্রাণ হারাল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার পঞ্চাননতলা ঘাটে। মৃত কিশোরের নাম অঙ্কুশ দত্ত। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঙ্কুশ অমরেন্দ্র বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। রবিবার দুপুরে চার বন্ধুর সঙ্গে সে ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে তারা পঞ্চাননতলা ঘাটে পৌঁছায়। সেখানেই কয়েকজন গঙ্গায় স্নান করার সিদ্ধান্ত নেয়। অঙ্কুশ ও আরেক বন্ধু জলে নামে, বাকিরা ঘাটের সিঁড়িতেই থাকে।

স্নানের সময় দুই কিশোর গভীর জলে চলে যায়। কিছুক্ষণ পরেই তারা সাহায্যের জন্য চিৎকার শুরু করে। স্থানীয় এক ব্যক্তি গামছা ছুঁড়ে সাহায্য করার চেষ্টা করেন। একজন কোনোভাবে গামছা ধরে উঠে আসতে পারলেও, অঙ্কুশ আর ফিরতে পারেনি। জলের প্রবল স্রোতে সে ভেসে যায়। মুহূর্তের মধ্যে ঘাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর দেওয়া হলেও অভিযোগ, পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। দীর্ঘ সময় পরও তল্লাশি শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ে স্থানীয়দের মধ্যে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।

একই দিনে নদিয়ার নবদ্বীপেও গঙ্গায় স্নান করতে নেমে দুই কলেজ পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। ঘোষপাড়া ঘাট এলাকায় গৌরাঙ্গ সেতুর নিচে সীমান্ত সরকার ও রাকেশ মণ্ডল নামে দুই ছাত্র জলে তলিয়ে যায়। তারা স্থানীয় কানাইনগর বটতলা এলাকার বাসিন্দা এবং কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া বলে জানা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।