মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। রবিবার অর্থাৎ ৭ জুন থেকে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সিলিন্ডার পিছু এক ধাক্কায় দাম বেড়ে হল ২৯ টাকা। এই নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ানো হল গৃহস্থালী গ্যাসের দাম।
এর আগে কলকাতায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ছিল ৯৩৯ টাকা। বর্তমানে সেই দাম বেড়ে হল ৯৬৮ টাকা। অন্যদিকে, দিল্লি-এনসিআর অঞ্চলে ১৪.২ কেজির গৃহস্থালির এলপিসি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ৯৪২ টাকা। আবার ৫ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ৩৩৯ টাকা।
গত ১ জুন কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বেড়েছিল। তা গিয়ে দাড়িয়েছিল ৩২৫৫ টাকা ৫০ পয়সায়। এর ঠিক পাঁচ দিনের মাথায় ফের দাম বাড়ল। অন্যদিকে, এর আগে গত ৭ মার্চ এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। সেই সময়ে ৬০ টাকা বাড়ানো হয়েছিল।
এমনিতেই দেশে দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এর মধ্যে আগেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। সেই নিয়ে সাধারণ মানুষের চিন্তার অবকাশ নেই। এর মধ্যে ফের গ্যাসের দাম বাড়ায় চিন্তায় পড়েছে সাধারণ মানুষ।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় যুদ্ধপরিস্থিতিতে হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। আর সেই কারণেই দিন দিন রান্নার গ্যাসের দাম বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।