নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের জন্য আয়োজিত দু’দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবিধানিক পদাধিকারীরা।
লোকসভা সচিবালয়ের অধীনস্থ পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিস এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSuvenduWB%2Fvideos%2F1811055766723278%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
আগামী দু’দিন ধরে বিধায়কদের জন্য একাধিক বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত অধিবেশনের আয়োজন করা হয়েছে। সেখানে জনপ্রতিনিধিদের সাংবিধানিক দায়িত্ব, আইন প্রণয়নের প্রক্রিয়া এবং বিধানসভার কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
আলোচনার বিষয়গুলির মধ্যে রয়েছে আইন প্রণয়নের পদ্ধতি, সংসদীয় রীতি ও প্রথা, নির্বাহী বিভাগের জবাবদিহি, বিভিন্ন কমিটির কার্যক্রম, আর্থিক বিষয়ক আইন প্রক্রিয়া, ব্যক্তিগত সদস্যদের বিল, সংসদীয় বিশেষাধিকার, নৈতিকতা এবং বিধানসভার ডিজিটাল কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ন্যাশনাল ই বিদান অ্যাপ্লিকেশন।
দেশের বিভিন্ন রাজ্যের অভিজ্ঞ অধ্যক্ষ, সংসদ সদস্য, সাংবিধানিক বিশেষজ্ঞ এবং সংসদীয় কার্যপ্রণালীতে অভিজ্ঞ ব্যক্তিরা এই অধিবেশনগুলি পরিচালনা করবেন। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে আরও সম্যক ধারণা তৈরি হবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা ও সেরা চর্চার আদান-প্রদান সম্ভব হবে।
শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভার ঐতিহাকিক কক্ষে সমাপনী অধিবেশনের মাধ্যমে এই কর্মসূচির পরিসমাপ্তি ঘটবে। সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবি, লোকসভার স্পিকার ওম বিড়লা, হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ, রাজ্যসভার উপ সভাপতি হরিবংশ, এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ অন্যান্য অতিথিরা।