জনগণনার ক্ষেত্রে লিভ ইন সম্পর্কে থাকা যুগলকে বিবাহিত দম্পত্তি হিসেবে ধরা হবে। দেশের জনগণনা নিয়ে মানুষের একাধিক প্রশ্নের উত্তর দিতে একটি পোর্টাল চালু করেছে কেন্দ্র। সেখানেই রয়েছে এমন তথ্য। জনগণনা নিয়ে শুধুমাত্র বিভ্রান্তি দূর করাই নয়, নিজেদের তথ্য নিজেরাই ওই পোর্টাল খুলে বসাতে পারবেন সাধারণ মানুষ। হাউজিং সেনসাস (এইচএলও) এবং জনসংখ্যা গণনার জন্য যাবতীয় তথ্যও ওই পোর্টালে নিজেরাই পূরণ করা যাবে।
এই পোর্টালে রয়েছে এফএকিউ, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলি জনগণনার সময়ে সাধারণত মানুষের মনে ঘোরাফেরা করতে পারে, তার যথাযথ উত্তর। এই তালিকাতে দেওয়া একটি এফএকিউ-তে প্রশ্ন রয়েছে, লিভ ইন সম্পর্কে থাকা কোনও যুগলকে কি বিবাহিত হিসেবে ধরা হবে ? উত্তরে লেখা হয়েছে, “হ্যাঁ, লিভ ইন স্টেবল সম্পর্কে থাকা যুগলদের জনগণনায় বিবাহিত দম্পতি হিসেবেই ধরা হবে।”
১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম ধাপ। এই প্রথম স্টেজে মূলত হাউজ-লিস্টিং এবং জনসংখ্যার গণনা চলবে। তার জন্যই সাধারণ মানুষের মনে উদ্রেক হওয়া ৩৩টি প্রশ্নের উত্তর এফএকিউ, আকারে জানিয়েছে কেন্দ্র।
একটি বাড়িতে কতজন বিবাহিত দম্পত্তি রয়েছেন, কোন লিঙ্গের কতজন নাগরিক একটি বাড়িতে বাস করেন, কী ধরনের খাবার খাওয়া হয়, সাধারণ এবং আধুনিক কী কী প্রয়োজনীয় জিনিস ব্যবহার করা হয়, বাড়িতে ক’টা গাড়ি আছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে মানুষের মাথায় ঘোরা যাবতীয় এফএকিউ-এর উত্তর দেওয়া হয়েছে পোর্টালে। পুরসভা ধরে ধরে সমস্ত বাড়ি থেকে তথ্য নেওয়া হবে। কোন বাড়ি কাঁচা এবং কোন বাড়ি পাকা, সেই তথ্যও থাকবে জনগণনায়। কোন বাড়িতে কতজন বাসিন্দা থাকেন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এক্ষেত্রে। একটি বাড়ির প্রধান সদস্য, তার লিঙ্গ, বয়স, জাত সমস্তটাই পোর্টালে তথ্যের বিভাগগুলিতে বসাতে হবে।