যাদবপুরে ছাত্রভোটে বামেদের জয়, এবিভিপি শূন্য

Jadavpur University File Photo

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক আগেই প্রকাশিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের ফলাফল, আর তাতেই স্পষ্ট বামপন্থীদের শক্ত অবস্থান। বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগেই বামপন্থী ছাত্র সংগঠনগুলির দাপট দেখা গিয়েছে, অন্যদিকে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি কোনও জায়গাতেই উল্লেখযোগ্য ফল করতে পারেনি।

গত ২১ ও ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার  তারই ফল প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, আগামী বুধবারই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে, যার মধ্যে যাদবপুর কেন্দ্রও রয়েছে। ফলে এই ছাত্রভোটের ফলাফল রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

ইঞ্জিনিয়ারিং স্নাতক বিভাগে প্রায় ১৩০০ ভোটে জয় পেয়েছে ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন (ডিএসএফ)। একইভাবে ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর বিভাগেও প্রায় ১০০ ভোটে জয় ধরে রেখেছে ডিএসএফ। এই দুই ক্ষেত্রেই দ্বিতীয় স্থানে রয়েছে এসএফআই। অন্যদিকে কলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর—দুই ক্ষেত্রেই জয় পেয়েছে এসএফআই। তবে এই বিভাগে একটি নতুন দিক নজরে এসেছে—স্নাতকোত্তর স্তরে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল ছাত্র সংগঠন। বিজ্ঞান বিভাগে জয় পেয়েছে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ নামে একটি স্বতন্ত্র ছাত্র গোষ্ঠী।


উল্লেখ্য, গত ছাত্র সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিভাগে এবিভিপি ভালো ফল করেছিল। কিন্তু এবারের নির্বাচনে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে, যা রাজনৈতিক মহলে আলাদা করে নজর কাড়ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল শুধু ছাত্র রাজনীতির দিক থেকেই নয়, রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলেই মনে করা হচ্ছে।