খুলে গেল অ্যালায়েন্স জুটমিল, শ্রমমন্ত্রী অর্জুনের ম্যাজিক দেখল চটকল শ্রমিকরা

বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার আগে অর্জুন সিং বলেছিলেন, ক্ষমতায় এলে রাজ্যের বন্ধ জুটমিল খুলে দেবেন। এখন এই রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। আর তারপরই কথা রাখলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বুধবার খুলল জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল। শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে একসপ্তাহের মধ্যেই ম্যাজিক দেখালেন অর্জুন সিং। ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটিয়ে এদিন থেকেই কাজে ফিরতে শুরু করেছেন চটকল শ্রমিকরা। প্রায় দু’হাজার কর্মী কাজ ফিরে পেলেন। আর তাতেই এখন খুশির হাওয়া বইতে শুরু করেছে শ্রমিক মহলে।

এদিকে পাঁচ মাস ধরে অচলাবস্থা চলছিল। এবার তার অবসান হলো। রাজ্যে বহু চটকল আছে হয় রুগ্ন, না হলে বন্ধ হয়ে গিয়েছে। আর তাতে কাজ হারিয়ে সংকটের মুখে পড়েছেন চটকল শ্রমিকরা। অবশেষে ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটল। এভাবেই বাকি জুটমিলগুলি খোলা হবে বলে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী। এই বিপুল পরিমাণ শ্রমিক কাজে ফেরায় অন্যান্য চটকল শ্রমিকরা আশার আলো দেখতে শুরু করেছেন। একদিন আগেই নিউ সেক্রেটারিয়েট ভবনে শ্রমমন্ত্রী অর্জুন সিং বৈঠক করেন মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। সেখানে ছিলেন বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার-সহ শ্রম দপ্তরের কর্তারা। তখনই ঠিক হয় খুলে দিতে হবে অ্যালায়েন্স জুটমিল। প্রয়োজনে কেন্দ্র-রাজ্য দুই সরকারই সাহায্য করবে।

অন্যদিকে বিস্তর দড়ি টানাটানির অবসান ঘটিয়ে অ্যালায়েন্স মিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার খুলে গেল অ্যালায়েন্স জুটমিল। আর বিপুল পরিমাণ চটকল শ্রমিক কাজে যোগ দিলেন। এবার দু’-একদিনের মধ্যে পুরোদমে উৎপাদন শুরু হবে অ্যালায়েন্স জুটমিলে। জুটমিল খুলে যেতেই সেখানে দিনভর উৎসবের মেজাজ দেখা গেল। মিষ্টিমুখ করেন চটকল শ্রমিকরা। আর যেন তাঁদের জীবনে আঁধার নেমে না আসে সেই অনুরোধও করেছেন তাঁরা মালিকপক্ষের কাছে।


তাছাড়া ২০২৫ সালের ২৬ ডিসেম্বর সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাতে কাজ হারান প্রায় দু’হাজার শ্রমিক। সংসার চালাতে ঋণ করতে হয়েছে অনেককে। কেউ ফিরে গিয়েছেন গ্রামে, কেউ খুঁজে নিয়েছেন অন্য কাজ। বিধানসভা নির্বাচনের আগেই মিল চালুর দাবিতে অর্জুন সিংয়ের দ্বারস্থ হয়েছিলেন শ্রমিক ও ইউনিয়নের প্রতিনিধিরা। তিনি জুটমিল খুলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। শ্রমমন্ত্রীর দায়িত্ব নিয়ে এবার সক্রিয় হয়ে খুলে দিলেন জুটমিল। কথা রাখলেন শ্রমিকদের কাছে। এই বিষয়ে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক পিন্টু কুমার সাউ বলেন, ‘পাঁচ মাস কর্মহীন অবস্থায় শ্রমিক পরিবারগুলি চরম খারাপ অবস্থায় পড়েছিল। ধার করে সংসার চালাতে হয়েছে। শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছে। খুশি শ্রমিকরা।’