পুরভোটের আগে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা কৃষ্ণেন্দুর

Krishnendu Narayan Chowdhury Photo-SNS

পুরসভা ভোটের আগেই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বুধবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলর্সের বৈঠকে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তাঁর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। পদত্যাগের পর তিনি জানিয়েছেন, ‘কাজ করতে পারছিলাম না। রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় আছি।’ কৃষ্ণেন্দুর এই মন্তব্যের পরেই জল্পনা আরও তীব্র হয়েছে।

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। তবে সম্প্রতি তাঁর বক্তব্যে দল বদলের ইঙ্গিত মিলেছিল। তিনি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শ্রদ্ধা করেন, কিন্তু ভবিষ্যতে আর তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে লড়বেন না। এমনকি মুখ্যমন্ত্রী নিজে বললেও তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়াবেন না বলেও জানিয়েছিলেন তিনি। এর কয়েকদিনের মধ্যেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

পুজোর পর থেকেই রাজ্যে পুরভোট। প্রথম দফায় কলকাতা ও হাওড়ায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্য পুরসভাগুলিতেও ভোট হতে পারে। তার ঠিক আগেই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ ছাড়ায় কৃষ্ণেন্দুর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তিনি কি অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন, নাকি নতুন কোনও রাজনৈতিক মঞ্চে দেখা যাবে তাঁকে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।