পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে বড়সড় পরিবর্তন ধরা পড়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করল কলকাতা পুলিশ। তার পরিবর্তে, বর্তমানে ওই সরকারি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রক এবং সদ্য শপথ নেওয়া নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুসরণ করা হচ্ছে।
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটে গিয়েছে। ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই প্রশাসনিক স্তরে নানা বদলের ইঙ্গিত মিলতে শুরু করে। কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যমের অ্যাকাউন্টে এই ‘ফলো’ তালিকার রদবদলও সেই পরিবর্তনেরই অংশ বলে মনে করা হচ্ছে। বর্তমানে কলকাতা পুলিশের অ্যাকাউন্ট মোট ৪২টি প্রোফাইল অনুসরণ করছে।
অন্যদিকে, শনিবার দুপুর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডল ও ফেসবুক পেজে তাঁর পরিচয়ে এখনও ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ লেখা রয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। মঙ্গলবার তাঁর বাড়ির গলির মুখ থেকে তুলে নেওয়া হয় ‘সিজার ব্যারিকেড’। আগে সেখানে কড়া নিরাপত্তা বলয় ছিল। যাতায়াতকারী বা প্রতিবেশীদের পরিচয়পত্র দেখাতে হত। পরে লালবাজারের তরফে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী যতটুকু নিরাপত্তা প্রাপ্য, তা বজায় থাকবে।
একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তর ও শান্তিনিকেতনের বাড়ি থেকেও সরিয়ে নেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা এবং স্ক্যানার। প্রশাসনিক ও নিরাপত্তা স্তরের এই ধারাবাহিক পরিবর্তনের মাঝেই কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে মমতা ও অভিষেককে ‘আনফলো’ করার ঘটনা নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে।