সাইবার সিকিউরিটি নিয়ে বিশেষ প্রশিক্ষণ পেতে চলেছে কলকাতা পুলিশ। বুধবার রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এর ফলে কলকাতা পুলিশের আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন, যাতে শুধু সাইবার সিকিউরিটি নয়, দেশের নতুন কার্যকরী আইন সম্পর্কেও পুলিশকে অবগত করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে ১০০ জন পুলিশ আধিকারিককে এই প্রশিক্ষণে পাঠানো হবে বলে জানা গিয়েছে। আপাতত এক সপ্তাহের হবে এই প্রশিক্ষণের মেয়াদ। মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রশিক্ষণের পাশাপাশি শরীরচর্চার ব্যবস্থাও রাখা হবে। শারীরিক সক্ষমতা বজায় রাখতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশকর্মীদের। সাইবার বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণের পর আরও গভীর ও অ্যাডভান্সড স্তরের প্রশিক্ষণের জন্য মেধার ভিত্তিতে পুলিশ আধিকারিকদের বেছে নেবে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি।
বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির মোট সাতটি ক্যাম্পাস রয়েছে। গুজরাত, কর্নাটক, অরুণাচল প্রদেশ, পুদুচেরি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে রয়েছে এই ক্যাম্পাসগুলি। বাংলাতেও ক্যাম্পাস খোলার কথা ভাবছে আরআরইউ। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কল্পেশ ওয়ান্ড্রার কথায়, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ ২০ শতাংশেরও বেশি। তাই বাংলায় একটি ক্যাম্পাস খোলার ব্যাপারে আমরা অত্যন্ত আগ্রহী। এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা চলছে।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টি মূলত জাতীয় নিরাপত্তা, পুলিশ প্রশাসন, সাইবার সিকিউরিটি, ফরেনসিক সায়েন্স, প্রতিরক্ষা ও কৌশলগত অধ্যয়নের মতো বিষয়গুলিতে বিশেষায়িত শিক্ষা প্রদান করে। রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি, ফরেনসিক সায়েন্স, ক্রিমিনোলজি, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয়।