রবিবাসরীয় সকাল থেকে চলবে মেট্রো, বিজ্ঞপ্তি দিয়ে সময়সূচি জানাল কর্তৃপক্ষ

ছবি সংগৃহীত।

মাঝে আর একটা দিন। তারপরই ছুটির দিন রবিবার। উইকএন্ডে অনেকেই নানা স্থানে বেরিয়ে পড়েন। কিন্তু তখন যদি মেট্রো পরিষেবা না মেলে তাহলে চাপে পড়তে হয় নগরবাসীকে। রবিবার হলেও বেশ কিছু বেসরকারি অফিস খোলা থাকে। ফলে মেট্রো সকাল থেকে পেলে ভালই হয়। এই আবহে এবার আগামী রবিবার অর্থাৎ ১৪ জুন সকাল থেকেই মিলবে মেট্রো পরিষেবা। তাতে সকালে যাঁদের যেখানে যেতে হবে তাঁরা নিশ্চিন্তে যেতে পারবেন।

কিন্তু কেন মিলবে রবিবার পরিষেবা? এই রবিবার রাজ্যে ডব্লুবিসিএস পরীক্ষা রয়েছে। আর তাই পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে এবং অসুবিধা না হয় তার জন্যই রবিবার সকাল থেকে মেট্রো চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু এবং গ্রিন লাইনে চলবে বাড়তি মেট্রোও। রবিবাসরীয় সকাল ৮টা থেকে পাতালপথে ব্লু এবং গ্রিন লাইনে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। এই খবর চাউর হতেই খুশির জোয়ার বইতে শুরু করেছে পরীক্ষার্থীদের মধ্যে। আবার যাঁরা সকালে ছুটি উপভোগ করতে বের হবেন তাঁরা পেয়ে যাবেন পাতালপথের পরিষেবা।

কতক্ষণ পরপর মিলবে মেট্রো? শুক্রবার বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্টভাষায় সবটা জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চলবে সকাল ৮টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে একই সময়ে ছাড়বে মেট্রো। সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা পরপর মেট্রো মিলবে। রবিবার নির্দিষ্ট সময় অন্তর পরিষেবা মিলবে। গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটেও সকাল ৮টায় প্রথম মেট্রো মিলবে।


হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। এই রুটেও সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা অন্তর পাওয়া যাবে মেট্রো। সাধারণত রবিবার ব্লু লাইনে ১৫২টি মেট্রো চলে। এই সপ্তাহে ১৫৬টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ১০৮টি থেকে বেড়ে ১১২টি মেট্রো পরিষেবা মিলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু বা গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়সূচির কোনও বদল নেই। রাতের শেষ মেট্রো মিলবে নির্ধারিত সময়ই। রবিবার সাধারণত সকাল ৯টা থেকে মেট্রো চালু হয়। কিন্তু পরীক্ষার কারণে ১৪ জুন একঘণ্টা আগে মিলবে পরিষেবা।