ভিক্টোরিয়া হাউস থেকে পিছু হটল ‘কালীঘাট’ তৃণমূল, তারামণ্ডলে শহিদ দিবস পালনে আপত্তি নেই

Photo: Representational Image

শহিদ দিবসের কর্মসূচি করার জন্য ডোরিনা ক্রসিং নাকি এসপ্ল্যানেড পূর্ব- কোথাও অনুমতি দেওয়া যায়, সেই বিষয়ে রাজ্য সরকারকে স্পষ্ট জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আজ দুপুর সাড়ে ১২টার মধ্যে এ বিষয়ে আদালতকে সিদ্ধান্ত জানাতে হবে।

আদালতে জানানো হয়, একই দিনে শহিদ মিনারে কংগ্রেসের কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠীকেও গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি  করার অনুমতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায় সভা করবে, তা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় আদালত।

রাজ্যের তরফে জানানো হয়, আগে থেকেই দু’টি পৃথক কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। ফলে একই এলাকায় আরও একটি কর্মসূচির অনুমতি দিলে স্থানগুলির মধ্যে দূরত্ব খুব কম হয়ে যাবে। যা প্রশাসনিকভাবে সমস্যা তৈরি হতে পারে।


এরপর বিচারপতি প্রশ্ন তোলেন, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে আইশৃঙ্খলা পরিস্থিতিক নিয়ন্ত্রণে রাখা হলে সমস্যা কোথায়? জবাবে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল প্রস্তাব দেন, হাজরা মোড়ে এই কর্মসূচি করা যেতে পারে।

অন্যদিকে, তৃণমূলের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় আদালতে সওয়াল করে বলেন, ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড পূর্ব অথবা বিড়লা তারামণ্ডলের সামনে কর্মসূচি করার অনুমতি দেওয়া হোক। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, রাজ্যের সামনে এখন তৃতীয় একটি বিকল্পও রয়েছে। সেই বিকল্প বিবেচনা করে আজ বেলা সাড়ে ১২টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

এর আগে ২১ জুলাইয়ের কর্মসূচি জন্য কলকাতা পুলিশের তরফে কালীঘাট তৃণমূলকে তিনটি জায়গার প্রস্তাব দেওয়া হয়েছিল। তা পছন্দ না হওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার সভার স্থল নিয়ে লালবাজারে গিয়েছিলেন ডেরেক ও ব্রায়েন এবং শোভনদেব চট্টোপাধ্যায়। আধঘণ্টার বৈঠকের পরও কোনও সমাধান মেলেনি বলে অভিযোগ। কলকাতা পুলিশের তরফে ব্রিগেড ময়দান, রামলীলা ময়দান এবং হাজরা পার্ক, এই তিনটি জায়গার প্রস্তাব দেওয়া হয়।