১৫ বছর পর ফের কালীপুজো জীবনতলায়, মণ্ডপে গিয়ে তৃণমূলকে নিশানা শমীক ভট্টাচার্যের

Image: ANI

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর ফের অনুষ্ঠিত হল কালীপুজো। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার মঠেরদিঘির শান্তিপাড়া গ্রামে এই পুজো ঘিরে এবার উৎসবের আবহ। বিজেপির কর্মী-সমর্থকদের অভিযোগ, ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তাঁদের উদ্যোগে শুরু হওয়া এই কালীপুজো বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার ধুমধাম করে সেই পুজোর আয়োজন করা হল। মঙ্গলবার পুজোয় উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

স্থানীয় বিজেপি নেতা তথা কর্মী অর্পণ দাস এবার এই পুজোর অন্যতম উদ্যোক্তা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীতে এলাকার বিজেপি কর্মী-সমর্থক মহিলারা একজোট হয়ে এই কালীপুজোর আয়োজন করেছিলেন। পুজো কমিটিতেও তাঁদের ভূমিকা ছিল। অভিযোগ, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পুজো বন্ধ হয়ে যায়। তৎকালীন তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা।

মঙ্গলবার দুপুরে পুজো মণ্ডপে পৌঁছন শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা বিষ্ণুপদ হালদার, বাপি রায়, কর্ণ নস্কর-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকেরা।


সেখানে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ধর্মান্ধদের আশ্রয়স্থল তৈরি হয়েছে। তবে এ দেশে ধর্মান্ধতার কোনও জায়গা নেই। তাঁর কথায়, “দিনে যতবার খুশি নমাজ পড়ুন, যতবার খুশি হনুমান চালিশা পাঠ করুন। কিন্তু ভারতকে কখনও ভাগ হতে দেওয়া যাবে না।” এলাকার সম্প্রীতির পরিবেশ বজায় রাখারও আবেদন জানান তিনি।

শমীকের বক্তব্য, যাঁরা ধর্মান্ধতায় বিশ্বাস করেন না, মন্দির ভাঙতে চান না, কালীপুজো বন্ধের পক্ষে নন, বরং প্রসাদ খেতে চান এবং সন্তানদের নিয়ে পুজোয় অংশ নিতে চান, সেই সমস্ত মানুষকে একজোট থাকতে হবে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি বজায় রাখার বার্তাও দেন তিনি।

রাজ্যে সরকার পরিবর্তনের প্রসঙ্গ তুলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “বাংলায় শান্তি ফিরেছে, সরকার পরিবর্তন হয়েছে। কালীপুজো আর কখনও বন্ধ হবে না। পৃথিবীর কোনও শক্তি নেই যে এই কালীপুজোকে বন্ধ রাখে।” তাঁর দাবি, শুধু জীবনতলায় নয়, মুর্শিদাবাদেও দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর এবার কালীপুজো হয়েছে। বাংলায় কালীপুজোর সংখ্যাও বেড়েছে বলে দাবি করেন তিনি।

এদিন নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শমীক। তাঁর কটাক্ষ, ডায়মন্ড হারবার থেকে ভোটে জেতার পর এখন আর এলাকায় দেখা যায় না তাঁকে। অথচ একসময় তিনি এলাকার এক শ্রেণির মানুষকে উস্কানি দিতেন বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি।

ধর্মাচরণের অধিকার নিয়েও সরব হন শমীক। তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের ধর্ম পালনের অধিকার রয়েছে। মসজিদে মাইক ব্যবহারের অধিকার থাকলে পুজোতেও মাইক বাজানোর অধিকার রয়েছে। এই বিষয়ে স্থানীয় পুলিশকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।