‘জনতার দরবার’-এ অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই সমাধান, পুরনো কর্মস্থলে ফিরলেন স্বাস্থ্যকর্মী

বিধাননগর সেক্ট ৫-এ বিজেপির দপ্তরে আয়োজিত জনতার দরবার-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানান স্বাস্থ্য দপ্তরের এক কর্মী। অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই সমাধান হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মী। অভিযোগকারী হলেন রূপা চক্রবর্তী, যিনি দীর্ঘ ১৫ বছর ধরে স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন।

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি মুখ্যমন্ত্রীর কাছে নিজের সমস্যার কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ ছিল তাঁকে অনৈতিকভাবে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ধরে যে দায়িত্ব তিনি পালন করছিলেন, সেখান থেকে তাঁকে সরিয়ে অন্য কাজে নিযুক্ত করা হয়েছে। অভিযোগ জানানোর পরই স্বাস্থ্য ভবন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় এবং সন্ধ্যার মধ্যেই তাঁক আগের কর্মস্থল ও দায়িত্বে ফেরানোর নির্দেশ জারি করা হয়।

রূপা জানান, তিনি এতদিন পিজি হাসপাতালের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি বিভাগে কাউন্সিলর ও স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করতেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁকে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বদলি করা হয়। নতুন কর্মস্থলের পরিবেশ নিয়ে তাঁর কোনও আপত্তি না থাকলেও তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে দাবি করেন তিনি।


তাঁর অভিযোগ, পিজি হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের কিছু অভ্যন্তরীণ কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও বদলির নির্দিষ্ট কারণ তাঁকে জানানো হয়নি। এ বিষয়ে বিভাগের কিছু ঊর্ধ্বতন কর্তার ভূমিকা রয়েছে বলেও তাঁর ধারণা। তবে তিনি কারও নাম প্রকাশ করতে চাননি।

রূপার কথায় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর প্রায় এক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য ভবন থেকে তাঁর কাছে ফোন আসে। এরপর দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। সন্ধ্যার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায় বলে তিনি জানান।

এই বিষয়ে তিনি বলেন, সরকারি কাজে সাধারণত দীর্ঘ সময় লাগাই সাধারণত রেওয়াজ। তাই সকালে অভিযোগ জানিয়ে একই দিনের মধ্যে সমাধান পাওয়া তাঁর কাছে অত্যন্ত বিস্ময়কর। তাঁর মতে, এত দ্রুত প্রশাসনিক সাড়া পাওয়া তিনি আগে কখনও কল্পনাও করেননি। তিনি আরও বলেন, এই ঘটনার মাধ্যমে সরকারের কাজের গতিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।