সুপ্রিম কোর্টে পিছোল আই-প্যাক মামলার শুনানি

প্রতিনিধিত্বমূলক চিত্র

আই-প্যাক সংক্রান্ত মামলার শুনানি আপাতত পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। বুধবার মামলাটি ওঠার পর কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে আরও সময় চান। তাঁর আবেদনের ভিত্তিতে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ২২ মে মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে এপ্রিল মাসে হওয়া শুনানিতে তদন্ত প্রক্রিয়ায় তৎকালীন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। সেই সময় রাজ্যের পক্ষ থেকে বিষয়টিকে কেন্দ্র ও রাজ্যের সংঘাত হিসেবে তুলে ধরা হলেও আদালত স্পষ্ট জানায়, চলমান তদন্তে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিচারপতি মিশ্র মন্তব্য করেছিলেন, কোনও মন্ত্রী তদন্তের মধ্যে ঢুকে সমান্তরালভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে তা গুরুতর বিষয়।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্তে আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং গুরুত্বপূর্ণ নথি সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি।
অন্যদিকে, তৃণমূল পরিচালিত তৎকালীন রাজ্য সরকারও ইডির বিরুদ্ধে আদালতে যায়। রাজ্যের দাবি ছিল, ইডির ওই অভিযান সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের পরিপন্থী। পাল্টা ইডি সংবিধানের ৩২ নম্বর ধারায় আবেদন করে রাজ্যের বিরুদ্ধে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ তোলে। ১৫ জানুয়ারির শুনানিতে সুপ্রিম কোর্ট মামলাকারীদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর থেকেই মামলাটি নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে জোর চর্চা শুরু হয়।