ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য বড় কোনও পরিবর্তন আনল না কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক (এপ্রিল–জুন) পর্যন্ত সব প্রকল্পেই আগের মতোই সুদের হার বহাল থাকবে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ২০২৫-২৬ অর্থবর্ষের ত্রৈমাসিকের মতোই থাকবে। এই নিয়ে টানা অষ্টম ত্রৈমাসিক সুদের হার একই থাকল।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদ ৭.১ শতাংশই থাকছে। একইভাবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ সুদ অপরিবর্তিত রাখা হয়েছে।
সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও ৮.২ শতাংশ সুদের হার বহাল রয়েছে, যা কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় অন্যতম জনপ্রিয় প্রকল্প। এছাড়া, কিষান বিকাশ পত্রে ৭.৫ শতাংশ, মাসিক আয় প্রকল্পে ৭.৪ শতাংশ এবং পোস্ট অফিস সেভিংস স্কিমে ৪ শতাংশ সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। তিন বছরের মেয়াদি আমানতেও ৭.১ শতাংশ সুদ মিলবে আগের মতোই।