যাত্রী নিরাপত্তা ও গুজব রুখতে রেলের গুরুত্বপূর্ণ আবেদন

প্রতীকী চিত্র

দেশজুড়ে উৎসব ও ভ্রমণের সময়ে যাত্রীদের নিরাপত্তা এবং বিভ্রান্তি রুখতে গুরুত্বপূর্ণ বার্তা দিল ভারতীয় রেল। রেলের পক্ষ থেকে সমস্ত নাগরিক এবং সমাজমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। রেল জানিয়েছে, অনেক সময় বেশি দর্শক পাওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র পুরনো বা বিভ্রান্তিকর ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ধরনের পোস্ট যাত্রীদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি করে। রেলের পরিষেবা সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়ায়।

রেলের তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে, এই ভিডিওগুলিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা আমাদেরই সহনাগরিক। কারও মা, বোন, ভাই বা বন্ধু। তাই তাঁদের মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি।

একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার আবেদন জানিয়েছে রেল। বিপজ্জনক পরিস্থিতিতে ভ্রমণ করা, অতিরিক্ত ভিড়যুক্ত কামরায় ওঠা বা ট্রেনের দরজায় ঝুলে যাত্রা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রেলের বক্তব্য, যাত্রীদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।