রবিবার বাদে অন্যান্য সরকারি ছুটির দিন এবং শনিবারও জেলার সমস্ত মহকুমাশাসকের দপ্তরে শুনানি চলছে। এই কাজের দায়িত্বে রয়েছেন ৬ জন আইএএস এবং ২৩ জন ডব্লিউবিসিএস আধিকারিক। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত আবেদনের নিষ্পত্তি করে আবেদনকারীদের দ্রুত পরিষেবা দেওয়াই প্রশাসনের লক্ষ্য।
প্ৰশাসন সূত্রে জানা গিয়েছে, শুনানির সময় কোনও আবেদনকারী প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে না পারলে তাঁর আবেদন বাতিল করা হচ্ছে না। সংশ্লিষ্ট আবেদনকারীদের জন্য পরবর্তী সময়ে নতুন করে শুনানির দিন ঘোষণা করা হবে। এর ফলে নথিপত্রের সমস্যার কারণে কেউ যাতে শুনানি প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সেদিকেও নজর রাখা হচ্ছে।
প্রাথমিকভাবে সিএএ-র আবেদনকারীদের শুনানি মূলত বারাসতে জেলাশাসকের দপ্তরে হচ্ছিল। কিন্তু জেলার প্রত্যন্ত এলাকা থেকে বারাসতে পৌঁছতে গিয়ে অনেক আবেদনকারীকে সমস্যায় পড়তে হচ্ছিল। সেই ভোগান্তি কমাতেই ব্লক স্তরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি মহকুমাশাসকের দপ্তরে শুনানির ব্যবস্থা করেছে প্রশাসন। এর ফলে আবেদনকারীদের যাতায়াতের সমস্যা কমার পাশাপাশি শুনানি প্রক্রিয়াতেও গতি এসেছে বলে প্রশাসনের দাবি।